রাউলের পর মোরাতা
কখনো চোট-সমস্যা, কখনো বা ঠাসা সূচির যন্ত্রণা। সব মিলিয়ে দ্বিতীয় দল দিয়ে একাদশ সাজানোর ফাটকা চলতি মৌসুমে অনেকবারই খেলেছেন জিদান। পরশু আরেকবার খেললেন রিয়াল কোচ। রোনালদো-বেলকে দিয়েছেন বিশ্রাম, বেনজেমা বসে ছিলেন বেঞ্চে। কিন্তু আলভারো মোরাতা তো ছিলেন। তাঁর হ্যাটট্রিকে স্প্যানিশ লিগে লেগানেসের মাঠে ৪-২ গোলে জিতেছে রিয়াল। ২০০৯ সালে রাউল গঞ্জালেসের পর স্পেনের কেউ রিয়ালের হয়ে হ্যাটট্রিক করলেন।
আগামী ১৮ দিন রিয়ালের জন্য কঠিন পরীক্ষাই। লিগে অ্যাটলেটিকো ও বার্সেলোনার সঙ্গে ম্যাচ, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের সঙ্গে দুই লেগও আছে। ‘বিবিসি’র পাশাপাশি জিদান তাই পরশু একাদশে রাখেননি ক্রুস ও মডরিচকেও। কিন্তু অ্যাসেনসিও-কোভাচিচরা তাঁদের অভাব বুঝতেই দেননি। ১৫ মিনিটে হামেস রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল, গোলটি আসে লেগানেসের তিন খেলোয়াড়কে কাটিয়ে অ্যাসেনসিওর পাস থেকে। এরপর মোরাতা-ঝলক, ১৮ থেকে ২৩ মিনিটের মধ্যে করেন ২ গোল। মাঝে দুই মিনিটের ২ গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে লেগানেস। তবে ৪৮ মিনিটে মোরাতার হ্যাটট্রিক পূর্ণ করা গোলে জয় পায় রিয়াল। দ্বিতীয় দল নিয়ে এমন জয়! বেঞ্চের শক্তিতে তাই উচ্ছ্বসিত জিদান, ‘ঝুঁকি নেওয়া-টেওয়া কিছু নয়। আসলে দারুণ একটি স্কোয়াড আছে আমাদের।’
বার্সেলোনার পরশুর ম্যাচটি ছিল লিওনেল মেসির ‘ফেরা’র। রেফারিকে গালি দিয়ে আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, গত সপ্তাহে বার্সেলোনার লিগ ম্যাচেও নিষিদ্ধ ছিলেন পাঁচ হলুদ কার্ডের খাঁড়ায়। প্রায় দুই সপ্তাহ পর মাঠে নেমেই খেলেছেন দুর্দান্ত। ২৮ থেকে ৩৩—পাঁচ মিনিটের মধ্যে করেছেন জোড়া গোল। আর দুর্দান্ত বাইসাইকেল কিকে লুইস সুয়ারেজের গোলে ঘরের মাঠে সেভিয়াকে ৩-০-তে হারিয়েছে বার্সা। ১৯৫৭ সালে ন্যু ক্যাম্প উদ্বোধনের পর লিগে ১ হাজার ৫৭ ম্যাচে বার্সেলোনার এটি ৮০০তম জয়! সূত্র: এএফপি, গোল।
এ জয়ের পর ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট বার্সার। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।