রাউলের পাশে মেসি

দশ বছর আগের দিনটার কথা কি মনে পড়ে? চ্যাম্পিয়নস লিগে উদিনেসের সঙ্গে ম্যাচে বার্সেলোনা মাঠে নামাল ১৭ বছর বয়সী এক ফুটবলারকে। নাম তাঁর লিওনেল মেসি। সেই মেসি এরপর প্রতিনিয়ত নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। ইউরোপীয় প্রতিযোগিতায় রাউল গঞ্জালেসের সর্বোচ্চ গোলের রেকর্ড হাতছানি দিতে থাকল তাঁকে। চূড়ায় ওঠার এই অভিযানে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে এলেন আরেকজন—ক্রিস্টিয়ানো রোনালদো। পরশুর আগ পর্যন্ত রোনালদোর চেয়ে এক গোলে পিছিয়েই ছিলেন মেসি! কিন্তু আয়াক্সের সঙ্গে জোড়া গোলে মেসি রোনালদোকে ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন রাউলের ৭১ গোল।
ব্যক্তিগত অর্জন নিয়ে মেসি বরাবরই নিস্পৃহ। পরশু আমস্টারডামে ম্যাচ শেষেও দলের জয়টাই সবচেয়ে গুরুত্ব পেল বার্সার আর্জেন্টাইন তারকার কাছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিন পয়েন্ট পাওয়া। আমরা পরের পর্বে চলে গেছি, আমি খুশি। এখন পিএসজিকে টপকে গ্রুপে সবার ওপরে থাকতে পারি কি না সেটাই দেখার। আয়াক্স আমাদের ওদের ওপর চড়ে বসতে দেয়নি, আমরা যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি।’
দল নিয়ে কথা তো বলতেই হয়, কিন্তু এমন অর্জনের রাতে কি শুধু এটুকু বললে হয়? মেসিকে তাই মনে করিয়ে দেওয়া হলো তাঁর রেকর্ডের কথা। ৭১ গোলের প্রতিটির সঙ্গেই তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুটি ফাইনালে মেসি গোল করেছিলেন দুটি, আলাদা করে বললেন ওই গোল দুটির কথাই, ‘বিশেষ কোনো গোলের কথা মনে পড়ছে না। তবে ফাইনালের গোলগুলোর কথাই এখন আলাদা করে বলব।’
তাঁকে নিয়ে স্তুতি-বন্দনা নতুন কিছু নয়। কোচ লুইস এনরিকে পরশু নিজের সম্ভাব্য সেরা প্রশংসাপত্রই দিলেন, ‘কোনো সন্দেহ নেই, খেলোয়াড় ও কোচ হিসেবে আমার দেখা সেরা খেলোয়াড় মেসিই।’ নতুন সতীর্থকে নিয়ে লুইস সুয়ারেজ উচ্ছ্বসিত, ‘মেসির সঙ্গে খেলতে পারাটা একটা সম্মান, ও বিশ্বের সেরা খেলোয়াড়। ওর সঙ্গে আপনি কাউকে তুলনা করতে পারেন না।’ ইএসপিএন, এএফপি।
মেসির ৭১
৯০ ম্যাচে ৭১ গোল মেসির। রাউলকে খেলতে হয়েছিল ১৪২ ম্যাচ।
গ্রুপপর্বে ৪০ গোল করেছেন মেসি, রেকর্ড এটাও।
চ্যাম্পিয়নস লিগে ১৪টি দেশ ও ২৩টি স্টেডিয়ামে পেয়েছেন এসব গোল।
৮ গোল করেছেন মিলানের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এটাই সবচেয়ে
বেশি গোল।