রাগটা কি বায়ার্নের ওপরই ঝাড়বেন নেইমার-কাভানি?

পিএসজিতে পেনাল্টি-বিতর্কে নেইমারের সঙ্গে এডিনসন কাভানির বিবাদ এখনো মেটেনি বলেই গুঞ্জন। স্প্যানিশ দৈনিক স্পোর্ত-এর দাবি, এ নিয়ে নাকি পুরো দলই দুই ভাগে বিভক্ত! সে বিতর্কের পর এখনো একসঙ্গে মাঠে নামা হয়নি দুজনের। লিগে নেইমারকে বিশ্রাম দিয়েছেন কোচ উনাই এমেরি। তবে আজ আর সেই উপায় নেই। চ্যাম্পিয়নস লিগে আজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে পিএসজি। সেরা দলই তো নামাতে হবে কোচকে।
চ্যাম্পিয়নস লিগের মাহাত্ম্য বুঝি এখানেই। যে ম্যাচ ফাইনালে হলেও বেশ মানিয়ে যেত, তেমন ম্যাচের দেখা মিলে যায় গ্রুপ পর্বেও! ‘ফাইনালে’র স্বাদ দেওয়ার মতো ম্যাচ আজ আসলে দুটি! একদিকে নেইমার-এমবাপ্পে-কাভানির পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে চেলসি! কোনটা ছেড়ে কোনটা দেখবেন? এর সঙ্গে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলো যোগ করে নিন। নাহ, টিভির রিমোটের ওপর আজ ঝড়ই যাবে!
সবচেয়ে বেশি চোখ নিশ্চয়ই থাকবে প্যারিসের ম্যাচটার দিকেই। বায়ার্ন তো চ্যাম্পিয়নস লিগে সব সময়ের ফেবারিট দলগুলোর একটি। এই মৌসুমে নিজেদের ফেবারিটের তালিকায় তুলে এনেছে পিএসজিও। ড্রাক্সলার, ভেরাত্তিরা ছিলেন, এর সঙ্গে নেইমার-এমবাপ্পে যোগ দিলে সেই দলকে ফেবারিট না মেনে উপায় আছে! তবে এ-ও মেনে নিতে হয়, নিজেদের সত্যিকারের ফেবারিট প্রমাণের পথে এই ম্যাচটাই পিএসজির সবচেয়ে বড় পরীক্ষা।
যদিও ম্যাচের আগে দুই দলেই রয়েছে সংশয়ের চোরাস্রোত। পিএসজির নেইমার-কাভানি দ্বন্দ্বের কথা তো বলাই হলো। বায়ার্নের দুশ্চিন্তা অবশ্য মাঠের ফর্ম নিয়ে। লিগে সর্বশেষ ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ভলফসবুর্গের সঙ্গে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। মৌসুমে এখন পর্যন্ত পারফরম্যান্সেও ঠিক বায়ার্নসুলভ ধারাবাহিকতা নেই।
তাতে কী! ম্যাচের আগে দুই দল ঠিকই কথার তুবড়ি ফোটাচ্ছে। বায়ার্ন উইঙ্গার আরিয়েন রোবেন তো পিএসজির কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে দল বানানোর নীতি নিয়েই খোঁচা মারলেন, ‘প্যারিস অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি খরচ করেছে। কিন্তু টাকা মাঠে গিয়ে গোল করবে না। গোল আসে দলের মানের কারণে, দল কেমন তার ভিত্তিতে।’ বায়ার্নের তরুণ মিডফিল্ডার কাম রাইটব্যাক জশুয়া কিমিখ বললেন নেইমারের সঙ্গে তাঁর সম্ভাব্য দ্বৈরথ নিয়ে, ‘ওয়ান-অন-ওয়ানে ও বিশ্বের সেরাদের একজন। কিন্তু এমন দ্বৈরথে অংশ নেওয়ার জন্যই তো ফুটবলে আসা!’
পিএসজিই বা চুপ থাকবে কেন! এ ক্ষেত্রে দলের ‘মুখপাত্র’ বনে গেলেন দলটার জার্মান প্রতিনিধি ইউলিয়ান ড্রাক্সলার। শালকে, ভলফসবুর্গের হয়ে জার্মান লিগে অনেকবারই বায়ার্নের বিপক্ষে খেলেছেন। কিন্তু এবার গায়ে পিএসজির জার্সি। ড্রাক্সলারের কণ্ঠও এবার ঝাঁজাল, ‘এই প্রথম আমি এমন একটা দল নিয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছি যেখানে আমরা কম নই!’ কথার ঝাঁজটা মাঠেও থাকলে দুই দলের লড়াই কেমন আক্রমণাত্মক হবে, তা তো অনুমান করতেই পারছেন। ড্রাক্সলারও প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘দুর্দান্ত আক্রমণাত্মক একটা ম্যাচই উপহার দেব আমরা। আমি গর্বিত যে এমন ম্যাচের অংশ হতে যাচ্ছি।’
চেলসি-অ্যাটলেটিকো ম্যাচটার সঙ্গে অবশ্য ‘আক্রমণাত্মক’ শব্দটা পুরোপুরি যায় না। দুটি দলই যে রক্ষণকে ভিত্তি মেনেই খেলে। তবে ম্যাচটা অ্যাটলেটিকোর নতুন মাঠ ওয়ান্ডা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়নস লিগের প্রথম। দেখতে অনন্য মাঠে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে নিশ্চয়ই দুর্দান্ত কিছুই করতে চাইবে ডিয়েগো সিমিওনের দল। পরিসংখ্যানের পাতায়ও একটা প্রেরণা আছে অ্যাটলেটিকোর জন্য। ইংলিশ দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত তারা। দুই দলের মুখোমুখি পাঁচ লড়াইয়েও ২-১-এ এগিয়ে স্প্যানিশরা।
তবে পরিসংখ্যান কবেই বা ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে! সূত্র: উয়েফা, এএফপি।