রাগে-ক্ষোভে পিকের অবসর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক আর পছন্দ সইতে পারছেন না পিকে! ছবি: রয়টার্স।
বিতর্ক আর পছন্দ সইতে পারছেন না পিকে! ছবি: রয়টার্স।

আর সহ্য করতে পারছেন না জেরার্ড পিকে। এক শ্রেণির স্প্যানিশ সমর্থকদের সমালোচনা অসহ্য হয়ে উঠেছে তাঁর কাছে। আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের পর তাই রাগে-ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথাই বলে দিলেন তিনি। জানিয়েছেন, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত তিনি স্পেনের জার্সি গায়ে খেলবেন। এরপর আর নয়।


পিকে নতুন করে বিতর্কে জড়িয়েছেন আলবেনিয়ার বিপক্ষে ম্যাচেই। জাতীয় দলের ফুলহাতা জার্সি কেটে হাফহাতা বানিয়ে খেলতে নেমেছিলেন নিজের স্বচ্ছন্দের জন্য। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেক সমর্থকের দাবি, জার্সির হাতের ওই অংশটায় স্পেনের পতাকার ছবি থাকে। পিকে নাকি স্পেনকে ‘অসম্মান’ করতেই জার্সির হাতা কেটেছেন! কারণ তিনি তো শুরু থেকেই কাতালানদের স্বাধীনতার পক্ষে কথা বলে আসছেন।

পিকেকে নিয়ে এই সমালোচনাটা অবশ্য নতুন কিছু নয়। রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে এমনিতেই চক্ষুশূল তিনি। তার ওপর স্বাধীন কাতালুনিয়ার পক্ষে তাঁর প্রকাশ্য অবস্থানের কারণে সমর্থকদের অনেকেই মহাখাপ্পা তাঁর ওপর।

সব মিলিয়েই আর বেশি দিন জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত পিকের, ‘আমি সব ভাবেই চেষ্টা করেছি। কিন্তু আর এগুলো নিতে পারছি না। আজকে এই জার্সির হাতা কাটার ইস্যুটা আমার ধৈর্যের বাধ ভেঙে দিয়েছে।’

একই সঙ্গে বার্সেলোনা ডিফেন্ডার এটাও বলেছেন, ‘এটা আবেগের বশে হঠাৎ করেই নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা নিয়ে আমি অনেকে ভেবেছি। আমি স্পেনের পক্ষে সব সময়ই সর্বোচ্চটা দিয়েছি। তবে আমি স্পেনের ১০০তম ম্যাচটি খেলতে চাই। খেলতে চাই আগামী বিশ্বকাপ। বিশ্বকাপের পর আমি নিজেই জাতীয় দল থেকে সরে দাঁড়াব।’

এদিকে, পিকেকে নিয়ে এই বিতর্কের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে বলেছে, জার্সির হাতা ছেঁটে ফেলা কোনো গর্হিত ব্যাপার নয়। অনেক খেলোয়াড়ই ফুল হাতা জার্সি ছেঁটে ছোট করে নিজেদের আরামের জন্য। ফুল হাতা জার্সিতে কখনোই স্পেনের পতাকা থাকে না। অতীতে সার্জিও রামোসের মতো ফুটবলারও একইভাবে নিজের আরামের জন্য জার্সির হাতা ছেঁটে মাঠে নেমেছেন। সূত্র: রয়টার্স।