রাগে ক্ষোভে ফেটে পড়লেন ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ চাপে আছেন ফন গাল। ছবি: এএফপি
বেশ চাপে আছেন ফন গাল। ছবি: এএফপি

শনিবার লিগে স্টোক সিটির সঙ্গে ম্যাচ। তার আগে প্রিমিয়ার লিগ কমিটির নিয়ম মেনে সংবাদ সম্মেলনে এলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গাল। এলেন, আবার রাগে গজগজ করতে করতে চলেও গেলেন। সংবাদ সম্মেলনের স্থায়িত্ব হলো মাত্র ৪ মিনিট ৫৮ সেকেন্ড!
এত রাগ কেন ইউনাইটেড কোচের? একে তাঁর ওপর চাপের পাহাড় জমছে। চাকরি নিয়ে টানাটানি। তার ওপর ঘরে-বাইরেও শুধু একটাই আলোচনা-কবে বরখাস্ত হচ্ছেন ফন গাল? কত আর এসব শুনতে ভালো লাগে! সংবাদ সম্মেলনেও তাই নিজের ভবিষ্যত প্রশ্নে রেগেমেগে বেরিয়ে গেলেন ইউনাইটেড কোচ। তাঁর প্রতি যথেষ্ট সম্মান না দেখানোয় ক্ষোভও ঝাড়লেন সাংবাদিকদের ওপর।
গত ৬ ম্যাচে জয় নেই। সর্বশেষ ৩টি ম্যাচেই হার। ইউনাইটেডের সঙ্গে একদমই যায় না রেকর্ডটা। তার ওপর দলের খেলার সঙ্গে জুড়ে গেছে ‘ঘুমপাড়ানি’ উপমা। ফন গালের চাকরি নিয়ে তাই শঙ্কা আরও বাড়ছে। তার ওপর কিছুদিন আগেই চেলসি থেকে বরখাস্ত হওয়া হোসে মরিনহো ‘বেকার’ বসে আছেন-এটিও ফন গালকে নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে, লিগে স্টোক আর চেলসি-এই দুটি ম্যাচই ফন গালের জন্য শেষ সুযোগ। এই দুটিতে ব্যর্থ হলেই ইউনাইটেডে ‘ফন গাল আউট, মরিনহো ইন।’

বুধবার ফন গালের সংবাদ সম্মেলনটা শুরুই হলো তাঁর ভবিষ্যত নিয়ে প্রশ্ন দিয়ে। আর যায় কোথায়! চটে গেলেন ডাচ কোচ। সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘এই কক্ষে এমন কেউ কি আছেন যার মনে হচ্ছে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত? কারও এমন মনে হচ্ছে না? আমিও এমনটাই ভেবেছিলাম!’
গত কদিন ধরে ইংলিশ সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে হোসে মরিনহোর সঙ্গে ৫ বছরের চুক্তি করে ফেলেছে ইউনাইটেড। ফন গালও হয়তো এমন কিছু শুনেছেন। গুঞ্জনগুলোতে বিরক্ত হয়ে এই ৬৪ বছর বয়সী কোচ খেদের সুরে বললেন, ‘আমি তো ভেবেছি আমি এরই মধ্যে বরখাস্ত হয়ে গেছি। আমি এমনও পড়েছি যে আমি বরখাস্ত হয়ে গেছি, আর আমার বিকল্প কোচও এখানে চলে এসেছেন!’
প্রতিটি দিন এভাবে চাকরি নিয়ে প্রশ্ন তোলাটা তাঁর জন্য অপমানজনক বলে মনে করছেন ফন গাল। এমনকি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও বলেছেন, এভাবে প্রশ্ন তোলা ‘অসম্মানজনক’। সেটি মনে করিয়ে ফন গাল বললেন, এই গুঞ্জনগুলো কীভাবে তাঁকে আর তাঁর পরিবারকে চাপের মুখে ফেলে দিচ্ছে, ‘আপনাদের কী মনে হয়, আমার স্ত্রী কী অনুভব করে (যখন এসব শুনে) ? আমার বাচ্চারা, অথবা আমার নাতি নাতনিরা? ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরাই বা কীভাবে নেয় বিষয়গুলোকে? অথবা আমার বন্ধুরা কী ভাবে? কী মনে হয় আপনাদের? ওরা আমাকে অনেকবার ফোন করেছে। আর্সেন ওয়েঙ্গারও এ বিষয়ে কিছু কথা বলেছেন।’
তবে গত কদিনে স্যার অ্যালেক্স ফার্গুসনসহ ইউনাইটেডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে চাকরির নিশ্চয়তা পেয়েছেন বলে জানালেন ফন গাল। আপাতত তাই শুধু স্টোক ম্যাচের ওপরই মনোযোগ রাখতে চান। সাংবাদিকরা তাঁর ‘প্রতিটি শব্দকে নিজেদের মতো করে ব্যবহার করে’ জানিয়ে সংবাদ সম্মেলনে আর কিছুই বলবেন না বলেও ঘোষণা দিলেন ইউনাইটেড কোচ। এরপর সবাইকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বের হয়ে গেলেন সংবাদ সম্মেলন থেকে। ঘড়ির কাঁটা তখনো ৫ মিনিটও ছোঁয়নি। তথ্যসূত্র: ইএসপিএন, বিবিসি।