রাঙিয়ে দিয়েই যাচ্ছেন জেসুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল এভাবেই উদযাপনের সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। ছবিঃ রয়টার্স।
কাল এভাবেই উদযাপনের সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। ছবিঃ রয়টার্স।

‘রাঙিয়ে দিয়েই শুরু’—অভিষেকের জন্য কথাটা অতি ব্যবহারে একটু ক্লিশেই হয়ে গেছে। তবে গ্যাব্রিয়েল জেসুসের জন্য সেটি একটুও বাড়াবাড়ি মনে হবে না। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচের দুইটি গোল, তার ওপর প্রথম গোলের পেনাল্টিও পাইয়ে দেওয়া- ব্রাজিলের নতুন তারার প্রথম ঝলকটা এর চেয়ে বেশি দীপ্তিময় হতে পারত না!

অনেক দিন থেকেই ব্রাজিলের নতুন প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময়দের একজন ধরা হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে ১৯ বছর বয়সী জেসুস নিজেকে প্রথম চেনালেন অলিম্পিকে, ব্রাজিলের সোনা জয়ে ছিল বড় অবদান। কিন্তু জাতীয় দলের হয়ে আসল অভিষেকটা কালই হলো। ৭১ মিনিটে জেসুসকে ফাউল করেই ব্রাজিলকে পেনাল্টি পাইয়ে দিয়েছেন ইকুয়েডর গোলরক্ষক, যেটি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন নেইমার। সেটাই হয়তো জেসুসের আত্মবিশ্বাসের পালে জোর একটা হাওয়া দিয়ে থাকবে। ৮৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে দুর্দান্ত ফ্লিকে পেলেন প্রথম গোল। এর পর অতিরিক্ত সময়ে টার্ন নিয়ে ডান পায়ের বাঁকানো শটে আবার পেলেন উদযাপনের সুযোগ।
ব্রাজিলের কোচ তিতেও নিশ্চয় জানেন, আরেকটি রত্ন পেয়ে গেছেন তিনি। কিন্তু এটাও নিশ্চয় জানেন, রত্নটিও এখনো ঘষেমেজে আরও উজ্জ্বল করতে অনেক সময় দরকার। সে জন্যই বোধ হয় ম্যাচ শেষে জেসুসকে নিয়ে খুব বেশি উচ্ছ্বাসে ভেসে গেলেন না। শুধু কৃতিত্বটা দিলেন নিজের কোচিং স্টাফকে, ‘কুকা, মার্সেলো ও অসভালদো (ব্রাজিলে তিতের সহকারী) ওকে (জেসুসকে) নিয়ে বেশি কাজ করেছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে।’
জেসুসের এই ঝলকে তিতের মতো আরেকজনের মুখেও চওড়া হাসি ভেসে ওঠার কথা। এই মৌসুমেই পালমেইরাস থেকে এই তরুণ তুর্কিকে নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। আপাতত অবশ্য পালমেইরাসেই আছেন, ডিসেম্বরের পর আসবেন ইংল্যান্ডে। সিটি কোচ পেপ গার্দিওলার এখন নিশ্চয় জেসুসকে পেতে আর তর সইবে না!