রাজনীতির মাঠে করিন্থিয়ানস
ক্লাবটির অনেকগুলো ডাকনামের একটি ‘ও টাইম দো পোভো’, বাংলায় যেটির অর্থ ‘জনতার ক্লাব’। সত্যিই এবার জনতার জন্য যূথবদ্ধ হয়েছেন ব্রাজিলের ফুটবল ক্লাব করিন্থিয়ানসের সমর্থকেরা। ফুটবল মাঠের ভ্রাতৃত্ববোধ রাজনীতির ময়দানে ছড়িয়ে দিতে তাঁরা গড়ে তুলেছেন রাজনৈতিক দল ‘করিন্থিয়ানস ন্যাশনাল পার্টি’ (পিএনসি)। ব্রাজিলের পরবর্তী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ারও প্রস্তুতি নিচ্ছেন এই সদ্য গঠিত রাজনৈতিক দলের সদস্যরা।
একসময় ব্রাজিলে ফুটবল ছিল শুধুই অভিজাতদের খেলা। উচ্চবিত্তের মুঠো থেকে মুক্ত করে খেলাটিকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থেকেই ১০৪ বছর আগে জন্ম সাও পাওলোর ফুটবল ক্লাব করিন্থিয়ানসের। প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচ শ্রমিক বন্ধু। সেই করিন্থিয়ানসের সমর্থকেরা ব্রাজিলের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জেরবার হয়ে নিজেরাই দিনবদলের ডাক দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন। বেশ কয়েক বছর ধরেই অস্থিরতা বিরাজ করছে ব্রাজিলের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে। বেকারত্ব ও মুদ্রাস্ফীতির উচ্চহার নাভিশ্বাস তুলছে সাধারণ মানুষের। রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের দুর্নীতি ও ব্যর্থতার কারণে অসন্তোষ আর চাপা নেই। তাই শুধু করিন্থিয়ানস পরিবারেরই নয়, পিএনসি সমর্থন চাইছে অন্য ফুটবল ক্লাবগুলোর সমর্থকদেরও। রাজনৈতিক দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সী দন্তচিকিৎসক হুয়ান মোরেনো। রাজনীতিতে নামার কারণটা শুনুন তাঁর মুখেই, ‘এখন রাজনীতি নিয়ে একটা অসন্তোষ আছে। আমাদের লক্ষ্য জনগণকে আগ্রহী করে তোলা।’ রাজনৈতিক আদর্শ হিসেবে অবশ্য ডান বা বাম কোনো দিকেই তাঁরা ঝুঁকছেন না। মোরেনোদের দলের কাছে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও পরিবেশের মতো জনসংশ্লিষ্ট বিষয়গুলো।
পিএনসির উদ্যোক্তাদের মূল প্রেরণা আশির দশকের শুরুর দিকের ‘করিন্থিয়ান গণতন্ত্র আন্দোলন’। সে সময় ব্রাজিলে চলমান সামরিক শাসনের মাঝেও ক্লাবটিতে গণতন্ত্রের চর্চা চালিয়ে গেছেন সাবেক ব্রাজিল অধিনায়ক সক্রেটিস ও তাঁর দুই সতীর্থ কাসাগ্রান্দে ও ভ্লাদিমির। এর ফলে খেলোয়াড়েরা দলসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন নতুন খেলোয়াড়কে সই করানো, ভ্রমণসূচি ও বোনাস ভাগাভাগি ইত্যাদিতে নিজেদের মতামত জানাতে পারতেন। সামরিক একনায়কত্বের মাঝে দেশের জনগণকে গণতন্ত্রের সঙ্গে পরিচিত করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই উদ্যোগের। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে প্রয়োজনীয় ৪ লাখ ৮৪ হাজার স্বাক্ষর সংগ্রহ করছে এখন করিন্থিয়ানস। ক্লাবটির সমর্থকেরা আত্মনিবেদনের জন্য বিখ্যাত হলেও ৩০টি রাজনৈতিক দলের দেশে ফুটবল ক্লাবের নামে একটি নতুন দলের প্রয়োজন আছে কি না এ নিয়ে বিতর্ক আছে। ব্রাজিলের ক্লাবগুলোই তো দেউলিয়াত্ব ও অব্যবস্থাপনার জন্য নিন্দিত। মোরেনো অবশ্য এর মাঝেই স্বপ্ন দেখেন দিনবদলের, ‘আমরা সেসব দৈনন্দিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে না, জনগণকে রোজ যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়।’ রয়টার্স।