রাজনীতি-সচেতন গার্দিওলা

জীবনটা ফুটবলময় হলেও ফুটবলের বাইরের জীবনটা নিয়ে যথেষ্ট ভাবেন পেপ গার্দিওলা। নিজ দেশের সমকালীন রাজনীতিও তাঁর নখদর্পণে। নিজ প্রদেশ কাতালোনিয়ার ভবিষ্যৎ নিয়েও তাঁর আছে গভীর ভাবনা। রাজনীতি-সচেতনতা আর প্রাদেশিক কল্যাণ চিন্তা থেকে আগামী ৯ নভেম্বর কাতালোনিয়ার স্বাধীনতা-প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটে ভোট দেবেন বায়ার্ন মিউনিখের এই কাতালান কোচ।
তিনি কী কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে? এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য দেননি গার্দিওলা। বলেছেন, সময় বের করে অবশ্যই ভোটটা দিতে বার্সেলোনা যাব। তবে ভোটটা আমার একান্ত ব্যক্তিগত। এ ব্যাপারে নিজের একটা বিশ্বাস, একটা ভাবনা তো আছেই।’
গণভোটের ব্যাপারটি নিয়ে অবশ্য স্পেনে বড়সড় বিভক্তিই আছে। অনেকেই কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে এই গণভোটকে ঠিক মেনে নিতে পারছেন না। তবে গার্দিওলা সেই দলের নন। তিনি চান গণভোটটা অন্তত হোক। গণভোটে অংশ নেওয়ার অধিকার কাতালানদের আছে। গণভোটের ফলাফল কী হবে, সেটা নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু গণভোট আয়োজনটা খুব জরুরি। সূত্র: মার্কা।