রাজশাহীতে জয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার জালে বল। পেনাল্টি থেকে গোল করেই ছুটলেন এমিলি। গোল উদ্‌যাপনে তাঁর পিছু নিলেন নাসির-জাহিদরাও। কাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে l প্রথম আলো
শ্রীলঙ্কার জালে বল। পেনাল্টি থেকে গোল করেই ছুটলেন এমিলি। গোল উদ্‌যাপনে তাঁর পিছু নিলেন নাসির-জাহিদরাও। কাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পরের দৃশ্য। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে আট-নয় বছরের একটি ছেলে বাড়ির পথ ধরেছে। হাতে লাল-সবুজ পতাকা। মুখে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ ধ্বনি। আলো-আঁধারির মধ্যে ইমতিয়াজ নামের এই বালককে দেখে চোখ আটকাল অনেকেরই।
খানিক আগে স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ে সেও ছিল। ফুটবলের আমন্ত্রণে বিকেলবেলা বন্ধুদের সঙ্গে ডাংগুলি খেলা রেখে চলে আসে ম্যাচ দেখতে। বাংলাদেশের জয়ে তার আনন্দ যেন আর ধরে না।
আনন্দটা নিশ্চিত করেই সে বেশি পেয়েছে ম্যাচের প্রথম তিন মিনিটে। ওই ছোট্ট একটা ঝড়েই তছনছ শ্রীলঙ্কা। বারুদে যেন দেশলাইয়ের সংযোগ! প্রথম মিনিটে মামুনুলের কর্নারে এমিলির হেড গোললাইন সেভ। পরের মিনিটই সেই মামুনুলকেই বক্সে ফেলে দিলেন শ্রীলঙ্কান ডিফেন্ডার এস বান্দারা। পেনাল্টি থেকে গোল করে এমিলি জনসমুদ্রে ছড়িয়ে দিলেন জয়ের বার্তা।
কিন্তু সময়ের সঙ্গে স্বাগতিক দলের ‘আগুন’ গেছে নিভে। শ্রীলঙ্কা লড়াইয়ে ফিরে জমিয়ে তুলেছে ম্যাচটা। দ্রুতলয়ে তারা প্রান্ত বদল করেছে, পাল্টা-আক্রমণে ফাঁকফোকর বের করেছে বাংলাদেশের বিপৎসীমানায়। বাংলাদেশও ছুটেছে দ্বিতীয় গোলের অভিযানে। দুই দলের বুটে বুটে সংঘর্ষে একটা সময় মনে হচ্ছিল, এ তো প্রীতি ম্যাচ নয়, রীতিমতো যুদ্ধ!
পদ্মাপারের এই যুদ্ধে জয়টা বাংলাদেশের জন্য ছিল কাঙ্ক্ষিত। সিলেটে নেপালের কাছে অনূর্ধ্ব-২৩ দলের হার, জাতীয় দলের এই সিরিজে যশোরে ১-১। ঢাকার বাইরে ফুটবল ছড়িয়ে দিতে বাফুফের এমন উদ্যোগে বাংলাদেশের জয়টাও আবশ্যকীয় অনুষঙ্গ, অবশেষে সেটি আসায় স্বস্তি।
বাংলাদেশ কোচ সাইফুল বারী খুশি এই ভেবে, জয় এবং দর্শক আনন্দ দুটোরই সমন্বয় ঘটানো গেল রাজশাহীতে। কিন্তু আরও দু-একটি গোল হলে বেশি খুশি হতেন কোচ। সমস্যা হলো, এমিলি ছাড়া তো গোল করার লোকই নেই!
যশোরে অনেক সুযোগ এসেছিল, একটির বেশি কাজে লাগানো যায়নি। রাজশাহীতে তুলনামূলক ভালো খেললেও সুযোগ সেভাবে তৈরিই হয়নি। এমিলির দুটি হেড, সোহেল রানার একটা শট...এরপর থামতে হচ্ছে।
এঁদের ছাপিয়ে নায়ক আসলে বন্ধুমহলে ‘মাথা গরম’, ‘পাগলা’খ্যাত উইঙ্গার জাহিদ। শ্রীলঙ্কার ডিফেন্ডারদের পর্যুদস্ত করেছেন কয়েকবার। জাহিদের অটোগ্রাফ নিতে তাই বাংলাদেশ দলের অস্থায়ী ড্রেসিংরুম পর্যন্ত হাজির একদল কিশোর।
যথারীতি মাঝমাঠে খেলা তৈরি করেছেন মামুনুল। কিন্তু চোট পেয়ে অধিনায়ককে বাইরে চলে আসতে হয় বিরতির ঠিক আগে। দলের ওপর শেষ পর্যন্ত এটা প্রভাব ফেলেনি বলে রক্ষা।
গোলকিপার রাসেল মাহমুদের ভাগ্যটা একটু ভালোই বলা উচিত। ৩০ মিনিটে বক্সের সামান্য বাইরে এসে যেভাবে ফাউল করলেন শ্রীলঙ্কার ‘নাম্বার টেন’ অধিনায়ক সঞ্জিবাকে, অনেকের চোখেই সেটি লাল কার্ড। রেফারি মিজানুর রহমান একটু ‘নরম’ হয়ে দিলেন হলুদ কার্ড।
শ্রীলঙ্কার কোচ নিকোলা জাভাকোভিচ এটা মানতে পারেননি। রেফারিং শব্দটা উচ্চারণ না করেই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সার্বিয়ান কড়া কথা শোনালেন, ‘আমরা ভালো খেলে হেরেছি। তবে কুৎসিত ফুটবলই হয়েছে। ফুটবলে দুর্নীতি ঢুকে পড়েছে। আমার ছেলেরা কাল থেকে আর ফুটবল খেলবে না।’ দুর্নীতি বলতে রেফারিং নিয়েই তাঁর যত আপত্তি। সম্ভবত পেনাল্টির সিদ্ধান্তও মানতে পারেননি (যদিও ওটা পরিষ্কার পেনাল্টি)। গজরাতে গজরাতে ৩৯ বছর বয়সী কোচ কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে চলেন হনহন করে।
বাংলাদেশের এই জয়ে একটু খুঁত কি থেকে গেল? তবে ওই ইমতিয়াজের কাছে এসব কিছু নয়। জয়ের স্মৃতিটাই ওর মনে গেঁথে থাকবে আজীবন।
বাংলাদেশ দল: রাসেল মাহমুদ, ইয়াসিন, নাসির, রায়হান, ইয়ামিন (তপু), মোনায়েম (হেমন্ত), জামাল, মামুনুল (মিঠুন/ওয়াহেদ), সোহেল রানা, জাহিদ (লিংকন), এমিলি (তকলিচ)।