রাজা থেকে শয়তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে রীতিমতো জয়জয়কার। নতুন কোচ এসেই ভোজবাজির মতো বদলে দেবেন সব—আশার বেলুনটা ফুলে উঠেছিল ওড ট্রাফোর্ডে। কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই বেলুন ফুটো হয়ে চুপসে গেল। সোয়ানসির সঙ্গে হার মুদ্রার উল্টো পিঠ ভালোমতোই চিনিয়ে দিল লুই ফন গালকে। আজ সান্ডারল্যান্ডের সঙ্গে তাই মাথার ওপর জগদ্দল পাথরের মতো চাপ নিয়েই দল সাজাতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচকে।
প্রথম ম্যাচটা হেরেই অন্য রকম একটা ‘মাইলফলক’ গড়ে ফেলেছিলেন ফন গাল, ৪২ বছরের মধ্যে নিজেদের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে কখনো হারেনি ইউনাইটেড। আজ হেরে গেলে দেয়ালেই ঠেকে যাবে ডাচ কোচের পিঠ। পরিবর্তিত পরিস্থিতিটা নিয়ে গত পরশু সংবাদ সম্মেলনে বললেন, ‘দুই সপ্তাহ আগে আমি ছিলাম ম্যানচেস্টারের রাজা। আর এখন আমি ম্যানচেস্টারের শয়তান।’ কথাটা হয়তো রসিকতা করেই বলা, কিন্তু এক ম্যাচ পরেই ‘গেল, গেল’ রবের জন্য খোঁচা দিলেন প্রচারমাধ্যমকে, ‘ফুটবলের দুনিয়া এ রকমই। বিশেষ করে ফুটবলের প্রচারমাধ্যম।’
ফন গাল বহুদর্শী কোচ। জানেন, ইংল্যান্ডে প্রথম মৌসুমের শুরুটাই হবে সবচেয়ে কঠিন। সে কারণে আগাম বলে রাখলেন, ‘আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা বুদ্ধিমান। আমি আগেই বলেছি, প্রথম তিন মাসে কাজটা আমার জন্য খুব কঠিন হবে। খেলোয়াড় ও সমর্থকদের জন্যও।’ তবে দ্বিতীয় ম্যাচে জয়ের যে বিকল্প নেই, সেটা কিন্তু মানলেন, ‘আমি জানি আমাদের খুব দ্রুত জিততে হবে। প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচই কঠিন। আপনাকে জিততেই হবে, কিন্তু কাজটা সহজ নয়। সান্ডারল্যান্ড ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। ম্যাচটা কঠিন হবে, কিন্তু জয়টা আমাদের দরকার।’
চোট যেভাবে ভোগাচ্ছে, তাতে ফন গালের কাজটা আরও কঠিনই হয়ে গেল। ক্যারিক, ইভান্স, শ, ভ্যালেন্সিয়ারা আগেই ছিটকে গিয়েছিলেন, আজ নামতে পারছেন না এই মৌসুমে নবাগত স্প্যানিশ মিডফিল্ডার অ্যান্ডার হেরেরাও। বড় একটা সুখবরও অবশ্য আছে, আজ মাঠে ফেরার কথা ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির। বিশ্বকাপের পর আজই প্রথম খেলতে পারেন ফন গালের পুরোনো ছাত্র। এএফপি, রয়টার্স।