রাতবিরাতে ঘরের ছেলের ঘরে ফেরার খবর দিল বার্সা
ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে হয়েই। একসময় বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির সবচেয়ে প্রতিভাবান ফরোয়ার্ড মনে করা হতো তাঁকেই। মেসিদের সঙ্গে মূল একাদশে চারটা ম্যাচও খেলেছিলেন।
এরপরই ছন্দপতন। মেসি, সুয়ারেজদের সঙ্গে খেলার জন্য যোগ্য মনে করা হলো না তাঁকে। নিজেও প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না। ২০১৫ সালে যোগ দিলেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায়। এরপর ঠাঁই হলো মিডলসব্রোতে। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে ছিলেন যেখানে, সেখান থেকে জায়গা নিতে হলো দ্বিতীয় বিভাগের ক্লাবে। সেখান থেকে আবারও নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়ে ওপরে উঠে এলেন, উলভারহ্যাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে ফিরলেন।
বলা হচ্ছিল স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরের কথা; উলভারহ্যাম্পটনে নিজের জাত চিনিয়ে যিনি আবারও ফিরে এসেছেন বার্সেলোনায়। গত রাতে ঘরের ছেলের ফিরে আসার খবরই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা। আপাতত ছয় মাসের ধারে এই উইঙ্গারকে দলে এনেছে জাভির দল। এই ছয় মাসে জাভির মন জয় করতে পারলে তিন কোটি ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় পাকাপাকিভাবে যোগ দিতে পারবেন। তবে সে সুযোগটা বার্সেলোনার জন্য বাধ্যতামূলক না।
দলে এমনিতেই উইঙ্গারের অভাব, এই দলবদলের বাজারে জাভি যেভাবেই হোক উইঙ্গার আনতে চাইছিলেন। উসমান দেম্বেলে চুক্তি নবায়ন করতে নারাজ, ওদিকে ফাতি-ব্রাথওয়াইটরা একের পর এক চোটে জর্জরিত। মেসি-গ্রিজমানহীন বার্সেলোনার উইং সামলানোর জন্য প্রায়ই হাত বাড়াতে হতো আবদে এজালজুলি, ফেরান জাগলা, ইলাইশ আখোমাচের মতো আনকোরা তরুণদের দিকে। যে কারণে ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তোরেসকে আনার পরেও জাভির খায়েশ মেটেনি। হাত বাড়িয়েছিলেন দলের সাবেক ছাত্র ত্রায়োরের দিকে। ত্রায়োরেও পুরোনো ক্লাবের ডাকে সাড়া না দিয়ে পারেননি।
সাবেক ক্লাবে ফেরার জন্য অনেক কম বেতন নিতে রাজি হয়েছেন এই উইঙ্গার। বলা হচ্ছে, প্রতি সপ্তাহে মাত্র ১৫ হাজার ইউরো বেতন নিতে রাজি হয়েছেন ত্রায়োরে, যেখানে তাঁকে দলে এনে এর চেয়ে ঢের বেশি বেতন দেওয়ার জন্য রাজি হয়েছিল টটেনহাম হটস্পার। হ্যাঁ, বার্সেলোনার পাশাপাশি টটেনহামও চেয়েছিল ত্রায়োরেকে। টটেনহামের কোচ আন্তোনিও কন্তের ইচ্ছা ছিল৩-৪-৩ ছকে দলের নতুন রাইট উইংব্যাক হিসেবে খেলাবেন ত্রায়োরেকে। কিন্তু এমনিতে উইঙ্গার হিসেবে খেলা ত্রায়োরে নিয়মিত উইংব্যাক হিসেবে খেলতে রাজি হননি, সঙ্গে বার্সেলোনার জন্য পুরোনো আকর্ষণ তো ছিলই।
ঘরে ফিরেই বার্সেলোনার সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার, ‘ফিরে আসতে পেরে আমি অনেক খুশি। অনেক দিন হয়ে গেল। আমার জন্য মুহূর্তটা অনেক বিশেষ, কারণ অনেক দিন পর আমি আবারও বার্সেলোনায় ফিরে এলাম। আমি এ শহরেই বড় হয়েছি। আমার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে থেকেছি। আমি বার্সেলোনার সমর্থকদের মধ্যে সে খুশিটা ফিরিয়ে দিতে চাই মাঠে ভালো খেলার মাধ্যমে।’
দেখা যাক, ত্রায়োরে কতটুকু নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন!