রাতে কারাবাস, দিনে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন আর নববর্ষ উদ্‌যাপনের জন্য কারাগার থেকে মুক্তি মিলেছিল উলি হোয়েনেসের। এই কদিনে মুক্তির যে স্বাদ তিনি পেয়েছেন, কারাবাসের অনাগত দিনগুলোতে তা পুরোপুরি মুছে যাচ্ছে না! রাতে কারাবাস আগের মতোই করতে হলেও এখন থেকে দিনে জেলের বাইরে থাকতে পারবেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি ফুটবলার ও ক্লাবটির সাবেক সভাপতি হোয়েনেস। বাভারিয়ার আঞ্চলিক বিচার মন্ত্রণালয় হোয়েনেসের রাতে কারাবাস দিনে মুক্তির সিদ্ধান্ত দিয়েছে গতকাল।

২ কোটি ৮৫ লাখ ইউরো কর ফাঁকির দায়ে সাত মাস আগে কারাগারে গিয়েছিলেন। তবে সাড়ে তিন বছরের সাজার বাকি সময়ে আর দিনে চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে হবে না আধুনিক বায়ার্নের রূপকার হোয়েনেসকে। সারা দিন বাইরে কাটিয়ে সন্ধ্যা ছয়টায় কারাগারে গেলেই চলবে।

গতকাল বিল্ড পত্রিকা হোয়েনেস এবং তাঁর স্ত্রীর ছবি ছেপেছে প্রথম পাতায়। তুষারপাতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন তাঁরা। ক্যাপশনে লেখা ‘মুক্তির চর্চা করছেন হোয়েনেস’। বড়দিনের ছুটিটা আসলেই ছিল তাঁর মুক্তির অনুশীলন! এএফপি।