রাফার জন্য খারাপ লাগছে বেলের
এটা প্রায় সব কোচের বেলাতেই সত্যি। ক্লাবে তাদের স্নেহধন্য এক বা একাধিক খেলোয়াড় থাকেন। রাফায়েল বেনিতেজের যেমন স্নেহধন্য ছিলেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পরই বেনিতেজ বলেছিলেন, তাঁর দলটা হবে বেলকে কেন্দ্র করে। উইং থেকে বেলকে সেন্টার ফরোয়ার্ড পজিশনে এনে বেনিতেজ তাঁর কথাও রেখেছিলেন। অল্পদিনেই তাই সুসম্পর্ক গড়ে উঠেছিল বেনিতেজ-বেলের মধ্যে। এমন এক কোচের বিদায়ে বেল তো কিছুটা হতাশ হবেনই। তবে সেই হতাশা ভুলে গিয়ে নতুন কোচ জিনেদিন জিদানের অধীনেও সেরাটা দিতেই তৈরি ওয়েলশ ফরোয়ার্ড।
জিদানের অধীনে প্রথম ম্যাচেই অবশ্য বেল তাঁর প্রতিশ্রুতি রক্ষার আভাস দিয়েছেন। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক! দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ম্যাচটাও রিয়াল জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। জিদানও কিন্তু বেলের পজিশন বদলাননি। বেনিতেজের মতো অনেকটা সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলিয়েছেন বেলকে। রাফার বিদায়ে নেমে আসা হতাশাটা ভুলেই তাই জিদানের অধীনে সময়টা উপভোগ করতে চান বেল, ‘আমার সঙ্গে তাঁর (বেনিতেজ) সম্পর্ক খুব ভালো ছিল। তাঁকে চলে যেতে দেখে তাই খুব খারাপ লেগেছে। কিন্তু ফুটবলে এমন হতেই পারে, আর আমরাও তো পেশাদার। এর মাঝেই আপনাকে এগিয়ে যেতে হবে।’
জিদানের প্রতিও বেলের শ্রদ্ধা ও আস্থার এতটুকুও ঘাটতি নেই, ‘খেলোয়াড় হিসেবে তিনি অসাধারণ ছিলেন। তাঁদের সময়ে রিয়াল ছিল সুপারস্টারে ভরা আর আমিও তখন রিয়ালের খেলা খুব উপভোগ করতাম। তিনি যখন কোচের দায়িত্বে প্রথম এলেন, আমার সঙ্গে কথা হয়েছে। যত যা-ই হোক, আমি সব সময় তাঁর অধীনে শতভাগ দিয়েই খেলব। দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচেও আমি তা-ই করেছি।’ স্কাই স্পোর্টস।