রামচাঁদ গোয়ালার বাড়িতে একদিন

ছোট একতলা টিনশেড ঘর। দেয়ালে টানানো জীর্ণ মশারি। জানালার পর্দা গলে দুপুরের সূর্যের আলো ঢুকে পড়েছে ঘরে। মেঝেতে রাখা জানালার খোলা কবাট। খাটের এক পাশে মরচে ধরা স্টিলের আলমারি। টেবিলের ওপর টেলিভিশনের পুরোনো রিমোট, মোটা ফ্রেমের পাওয়ারওয়ালা চশমা। পাশেই ধুলোজমা কতগুলো ট্রফি। সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালার সময় কাটছে ময়মনসিংহের ব্রাহ্মপল্লির এই ঘরে।
ময়মনসিংহে তিনি সবার প্রিয় ‘গোয়ালাদা’। বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের শুরুটা তাঁকে দিয়ে। খেলেছেন আবাহনীতে একটানা ১৫ মৌসুম। মোহামেডান, ভিক্টোরিয়া, টাউন ক্লাব, শান্তিনগরেও খেলেছেন ৭৫ বছর বয়সী চিরকুমার ন্যাটা বোলার। ৫৩ বছর বয়সেও খেলেছেন ঢাকা লিগে!
খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত ছিলেন কিছুদিন। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রামচাঁদের ছাত্র।
ইদানীং কানে কম শোনেন রামচাঁদ। শরীরটাও ভালো যাচ্ছে না। গত বছর স্ট্রোকের পর থেকে শরীরটা ভেঙে পড়েছে।
দেয়ালে ঝোলানো গোঁফওয়ালা রামচাঁদের ছবি, সাদা-কালো। ছবির গুম্ফধারী দীর্ঘদেহী মানুষটিকে মাঠে ভয় পেতেন বাঘা ব্যাটসম্যানরা।
রামচাঁদের বাবা ছিলেন ময়মনসিংহের সহকারী পোস্টমাস্টার। বাবা চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক। কিন্তু মিশন স্কুলের ছাত্র রামচাঁদ সময় পেলেই ছুটতেন সার্কিট হাউস মাঠে। শুরুতে ছিলেন বাঁহাতি পেসার। কিন্তু পরে হয়ে গেলেন বাঁহাতি স্পিনার! কী করে হলেন তাঁর মুখেই শুনুন গল্পটা, ‘সার্কিট হাউস মাঠে পণ্ডিতপাড়া ক্লাবের এক ভদ্রলোক প্রতিদিন সাইকেল চালিয়ে এসে খেলা দেখতেন। আমি বাঁ হাতে পেস বোলিং করে টপাটপ উইকেট নিতাম। একদিন উনি বললেন, পণ্ডিতপাড়ায় এসো। এরপর কোচ ফখরুদ্দিন আহমেদের পরামর্শে স্পিন শুরু। ১৯৬২ ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে অভিষেক স্পিনার হিসেবে।’
ঢাকায় খেলেছেন নিয়মিত। কলকাতায় গিয়েও বাংলাদেশের হয়ে অনেক আনঅফিশিয়াল ম্যাচ খেলেছেন। ইডেনে ১৯৮৩ সালে পশ্চিমবঙ্গের বিপক্ষে ম্যাচটি এখনো মনে আছে, ‘ওই ম্যাচে অরুণ লাল আমার বল খেলতে হিমশিম খাচ্ছিল।’ ময়মনসিংহ থেকে কলকাতায় পাড়ি জমানো অনেকে সেদিন রামচাঁদের খেলা দেখতে এসেছিলেন, ‘অনেকে এসে আমার খোঁজ করতেন। বলতেন, ময়মনসিংহের ওই ছেলেটা কই? আমার কাছে এসে বলতেন শহরে আমাদের বাড়িটা কি আগের মতো আছে?’
ঢাকা লিগের একটি আবাহনী-মোহামেডান ম্যাচ রামচাঁদ আজও ভুলতে পারেননি, ‘কোন সালে খেলাটা হয়েছিল ভুলে গেছি। তবে ওই ম্যাচে মোহামেডানের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা। ওই দিন বল দারুণ টার্ন নিচ্ছিল। রকিবুল হাসান বারবার ওদের বোঝাচ্ছিল একটু দেখে খেলতে। কিন্তু ওদের দুজনকেই আউট করেছিলাম। ম্যাচে ৬ উইকেট পাই, আবাহনীও জেতে।’
রামচাঁদের আবাহনীতে যোগ দেওয়ার পেছনেও রয়েছে একটা গল্প, ‘একবার বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে ময়মনসিংহে এলেন শেখ কামাল। ওরা তখন দাপুটে দল। যা-ই হোক, ওদের কপাল মন্দ ছিল। ম্যাচে ময়মনসিংহের হয়ে ৬ উইকেট নিলাম। ওই দলটা হেরে গেল। মাঠেই শেখ কামালের সঙ্গে পরিচয়। পরে উনি এলেন পণ্ডিতপাড়া ক্লাবে। বললেন আগামী মৌসুমে আবাহনীতে খেলবেন।’
কিন্তু ওই বছরই, মানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হলেন শেখ কামাল। ভীষণ চিন্তায় পড়ে গেলেন রামচাঁদ। শেখ কামালকে কথা দিয়েছেন খেলবেন, কিন্তু তিনিই তো নেই! এরপর ক্লাবে গিয়ে যোগাযোগ করলেন তৎকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঙ্গে। তিনি স্বাগত জানালেন। পরের মৌসুম থেকে আবাহনীতে খেলতে শুরু করেন। আবাহনীর পুরোনোদের অনেকে তাঁকে এখনো ঢাকায় আসতে বলেন, ‘এখনো মাঝেমধ্যে ফোন করেন খোকা ভাই, অমলেশদা। ওঁরা বলেন, এখানে চলে এসো। কিন্তু শারীরিক অবস্থার জন্য যেতে পারি না।’
মনের অজান্তেই তাঁর হৃদয়ে স্থায়ী ঠাঁই নেয় আবাহনী, ‘অন্য ক্লাব থেকে প্রস্তাব পেয়েও যাইনি। আবাহনীতে খেলেছি ১৫ বছর। কিন্তু আফসোস, শেখ কামাল দেখে গেলেন না।’
গতকাল ছিল আরেকটি ১৫ আগস্ট। শহরের মাইকে বাজছিল, ‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...।’ রামচাঁদ অঝোরে কাঁদছেন।