রামোসের কষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভিয়ার একাডেমিতেই ফুটবল ক্যারিয়ার শুরু সার্জিও রামোসের। ক্লাবটির যুবদলের হয়ে অভিষেক, বছর খানেক পরই খেলেছেন মূল দলে। সেখান থেকেই ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে। পরশু কোপা ডেল রেতে সেই সেভিয়ার সঙ্গেই ৩-৩ ড্র ম্যাচে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন রামোস। গোল করে উদ্যাপনের আগে অবশ্য দর্শকদের দিকে হাত উঁচু করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছিলেন। তাতে মন গলেনি সেভিয়া সমর্থকদের। দুয়ো শুনেছেন রিয়াল ডিফেন্ডার, অনেকে বোতল ছুড়ে মেরেছেন তাঁর দিকে। এতে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘আমি এতে খুশি হতে পারছি না এবং নিশ্চিত, সে-ও (রামোস) খুশি হতে পারেনি। কারণ সে এখান থেকেই গেছে। আমি নিশ্চিত, সে কষ্ট পেয়েছে।’ মার্কা।