রামোসকে ইতালিতে নিজের কাছে চান মরিনিও
সের্হিও রামোস রিয়াল মাদ্রিদ ছাড়ার পর স্বাভাবিকভাবে সবচেয়ে বড় প্রশ্ন, কোন ক্লাবে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই ডিফেন্ডার? বিশ্বের কত বড় বড় ক্লাবের কোচই তো পেতে চাচ্ছেন রামোসকে। স্প্যানিশ এই ডিফেন্ডারকে পাওয়ার জন্য ক্লাবের মালিকদের কাছে দিয়ে রেখেছেন চাহিদাপত্র। রিয়াল মাদ্রিদে রামোসের সাবেক কোচ জোসে মরিনিও-ও রামোসকে দলে পেতে চান বলে এখন গুঞ্জন শোনা যাচ্ছে।
গত দুই মৌসুম ইংল্যান্ডের টটেনহামের দায়িত্বে ছিলেন মরিনিও। ইংলিশ ক্লাবটি থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘ ১১ বছর পর গত মে মাসে ইতালির ক্লাব এএস রোমার দায়িত্ব নিয়েছেন পর্তুগিজ এই কোচ। সেখানেই রামোসকে নিতে চান মরিনিও, এমনটাই জানাচ্ছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’।
রোমা ইতালিয়ান ও ইউরোপিয়ান ফুটবলে সমীহ–জাগানিয়া দল হলেও সিরি ‘আ’-তে এ মৌসুমে ভালো করতে পারেনি। জায়গা পায়নি এবারের চ্যাম্পিয়নস লিগেও। মরিনিও দায়িত্ব পেয়েই দল মেরামতের দিকে নজর দিয়েছেন। ইতালিতে অবশ্য এবারই প্রথম যাননি মরিনিও। এর আগে ২০০৮ সালে ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে দুই বছর ছিলেন। দুবার সিরি ‘আ’ জেতার পাশাপাশি ২০১০ সালে সান সিরোর ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছিলেন।
সে বছর সম্ভাব্য তিন শিরোপার তিনটিই জিতে ‘ট্রেবল’ জিতেছিল মরিনিওর ইন্টার। সেটা ছিল কোনো ইতালিয়ান ক্লাবের প্রথম ট্রেবল জয়।
এখন রোমাতে গিয়ে তেমন কিছু করবেন মরিনিও, তা হয়তো কেউ ভাবে না। তবে দলটাকে ইতালিতে আবার শিরোপার লড়াই করার মতো দল হিসেবে গড়তে চান পর্তুগিজ কোচ। সে কারণেই হয়তো তাঁর চোখ পড়ছে রামোসের ওপর। তার ওপর যেখানে রামোসকে পেতে কোনো দলবদল ফি দিতে হবে না!
রামোসের মতো সেন্টারব্যাক কোন কোচই–বা না চান! টানা ১৬ বছর রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী ক্লাবে দাপটের সঙ্গে খেলেছেন। হয়ে উঠেছিলেন লস ব্লাঙ্কোস রক্ষণের সেনাপতি। তাঁকে দলে পেলে রক্ষণভাগ নিয়ে বাড়তি দুশ্চিন্তা না করলেও চলবে। মরিনিও আগে রিয়ালের কোচ থাকায়, তাঁর চেয়ে ভালো রামোসকে আর কেই-বা চেনেন!
স্প্যানিশ ফুটবল দৈনিক ‘মার্কা’ লিখেছে, ‘রামোস স্পেন ছেড়ে ইতালির রাজধানীতে যাওয়ার পথে। জোসে মরিনিও আশা করছেন, রিয়াল মাদ্রিদ অধিনায়কের সঙ্গে রোমায় তাঁর পুনরায় সাক্ষাৎ হবে।’
তবে রামোস যে শেষ পর্যন্ত কোন দলে যোগ দেবেন, তা খাতা-কলমের চুক্তি না হওয়া পর্যন্ত বলা কঠিন। একই দিনে স্পেনের আরেকটি দৈনিক ‘এএস’ জানিয়েছে, ফ্রান্সের পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন রামোস। এ ছাড়া রামোসের সম্ভাব্য গন্তব্য হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের নামও আসছে।