রামোসের আরেকটি ৯৩ মিনিটের গোলে রিয়ালের উৎসব

৯২.৪৮ নাকি ৯২.৩৪? কোনটি বেছে নেবেন সার্জিও রামোস?
প্রথম সংখ্যাটি বললেই ফুটবল বিশ্বের সবাই বুঝে যান কোন ম্যাচের কথা বলা হচ্ছে। ২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রামোসের ৯৩ মিনিটের এক হেডে নিশ্চিত পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে লা ডেসিমা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর আজ উয়েফা সুপার কাপের ফাইনালের ৯২.৩৪ মিনিটে আরেকটি রামোস হেডে আবারও হার এড়াল রিয়াল। অতিরিক্ত সময়ে আবারও দুর্দান্ত খেলে ম্যাচ জিতে গেল রিয়াল। সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে ২০১৬ উয়েফা সুপার কাপ জিতে নিল রিয়াল মাদ্রিদ।
রামোসের গল্প করতে গিয়ে দানি কারভাহালের কথাই বলা হলো না! ১১৯ মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি তো তাঁরই করা। সেই গোলটি বা কেমন। মাঝমাঠে সেভিয়া স্ট্রাইকার কনোপিয়াঙ্কার পা থেকে বল কেড়ে নিলেন। এরপর শুরু করলেন ড্রিবলিং। সেই ড্রিবলিং সেভিয়ার কেউ থামাতেই পারলেন না। একের পর এক সেভিয়া ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে শট নিলেন কারভাহাল। গো-ও-ও-ও-ল!
এর আগে দিনটি স্বপ্নের মতো শুরু করেছিলেন মার্কো এসেনসিও। রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ, সেটিও উয়েফা সুপার কাপের মতো মঞ্চে। অভিষেকটা উৎসবের রঙে রাঙাতে মাত্র ২১ মিনিট সময় নিলেন। সেভিয়া ডি-বক্সের বাইরে বল পেয়ে আচমকা এক শট। দুর্দান্ত সেই শট ঠেকানো অসম্ভব বুঝেই কোনো চেষ্টাই করলেন না সেভিয়া গোলকিপার সার্জিও রিকো। গোল!
স্বপ্নের মতো অভিষেক হয়েছিল ফ্রাঙ্কো ভাজকেজেরও। এ মৌসুমেই পালের্মো থেকে সেভিয়াতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন মিডফিল্ডার সেভিয়াকে ম্যাচে ফিরিয়ে এনেছেন ৪১ মিনিটে। এবারও বক্সের বাইরে থেকে এক শট। দুর্দান্ত সে শট আটকাতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিকো ক্যাসিয়ার। কিন্তু ভাজকেজের জোরালো শট ম্যাচে এনে দিল সমতা।
আজ রিয়াল মাদ্রিদের প্রথম একাদশ দেখে চমকে উঠতেই পারেন। এ কোন দল? আক্রমণের ত্রিফলা বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো থাকবেন না, সেটি জানা ছিল। কিন্তু মূল একাদশে ছিলেন না লুকা মডরিচ ও টনি ক্রুসও। কিন্তু ম্যাচের শুরুতে রিয়ালের এই ‘দ্বিতীয়’ একাদশই ছড়িয়ে ঘোরালো সেভিয়া রক্ষণভাগে। প্রথম ১০ মিনিটেই অন্তত তিনটি গোলের সুযোগ করেছিলেন মাতেও কোভাচিচ, আলভেরো মোরাতা ও এসেনসিও। কিন্তু প্রথম গোলটি এল ২১ মিনিটে। এসেনসিওর সেই অবিশ্বাস্য শটে। এরপরও বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল রিয়াল। কিন্তু ৩১ মিনিটে উল্টো গোলের দারুণ এক সুযোগ পায় সেভিয়া। ক্যাসিয়া সে যাত্রা বাঁচিয়ে দেন রিয়ালকে।
এরপর ম্যাচে প্রাধান্য ছিল সেভিয়ারই। তারই ফল এল ৪১ মিনিটে। লুকাস ভিয়েত্তোর ক্রস থেকে বল ভিতোলোর পা ঘুরে এল ভাজকেজের কাছে। অভিষেকেই গোল করে দলকে স্বস্তি দিলেন তিনি। এরপরই গোলের দারুণ এক সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ইস্কোর হেডটি ঠেকিয়ে দেন রিকো।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ–পাল্টা আক্রমণের খেলা চলেছে। ৭১ মিনিটে রামোসের ভুলেই পেনাল্টি পায় সেভিয়া। পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন মাত্রই বদলি নামা কনোপিয়াঙ্কা। এরপর একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না রিয়াল। তারপরই এল সেই মুহূর্ত। ৯৩ মিনিটে ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেজের অসাধারণ এক ক্রস ব্যবচ্ছেদ করে ফেলে সেভিয়া রক্ষণভাগ। সে ক্রস থেকে ফাঁকায় দাঁড়ানো রামোসের গোল করতে কোনো সমস্যাই হয়নি।
অতিরিক্ত সময়ের ৮ মিনিটেই রিয়ালকে জয়ের স্বাদ প্রায় পাইয়ে দিয়েছিলেন রামোস। মার্সেলোর ক্রস থেকে আরেকটি হেড, গোল! গোল উদ্যাপন করতে করতে যখন ফিরছেন রিয়ালের খেলোয়াড়েরা, তখনই জানা গেল ফাউলের কারণে বাতিল করা হয়েছে সে গোল! কিন্তু সে দুঃখ ঘুচিয়ে দিলেন কারভাহাল তাঁর ওই অবিশ্বাস্য গোল দিয়ে। শিরোপা জিতেই মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ।
এদিকে উয়েফা সুপার কাপ থেকে এ নিয়ে টানা তিন বছর খালি হাতে ফিরল সেভিয়া!