রামোসের উপলব্ধি হবে বাড়িতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয় ম্যাচ নিষিদ্ধ হবেন সার্জিও রামোস? এই আলোচনা এখন চারদিকে। চতুর্থ রেফারিকে হাততালি দিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। পরশু লিওনেল মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় হাততালি দিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক। রামোস অবশ্য দায়মুক্ত হতে চেয়েছেন এই বলে যে, রেফারিকে নয়, বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের উদ্দেশেই হাততালি দিয়েছেন।
এই লাল কার্ডের সঙ্গে পিকেকে টেনে এনে একটা বড় ভুলই কি করলেন রামোস? রিয়াল ও রামোসকে খোঁচা দিতে এমনিতেই সুযোগের অপেক্ষায় থাকেন পিকে। তাঁকে উপলক্ষ এনে দিলে কি আর রক্ষা আছে! ‘লাল কার্ডটা বাড়াবাড়ি ছিল। আমি কারও ক্ষতি করতে চাইনি। আমি মনে করি, এ ক্ষেত্রে হলুদ কার্ড দিলেই চলত’—রামোসের এই দাবি শুনেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি পিকে, ‘আমার মনে হয়, সে বাড়ি গিয়ে আরেকবার দেখার পর বুঝতে পারবে যে লাল কার্ড পাওয়াটা ঠিক ছিল।’
পিকের পুরোনো অভিযোগ—রেফারিরা রিয়াল মাদ্রিদকে সব সময়ই বিশেষ সুবিধা দেয়। সুযোগ পেয়ে বিষয়টি আবার সামনে আনতে দেরি করেননি বার্সার ডিফেন্ডার, ‘যেটা হয়ে এসেছে তা হলো রেফারিরা এখানকার লোকেদের অনেক কিছুই মেনে নেয়। আর এটা যখন ঘটে না, তখনই তারা মানতে পারে না।’ ফোরফোরটু।