রামোসের মাথায় বাঁচল রিয়াল আর নাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে ম্যাচ ফিরিয়েছিল রোনালদোর গোল। ছবি: এএফপি
রিয়ালকে ম্যাচ ফিরিয়েছিল রোনালদোর গোল। ছবি: এএফপি

কেইলর নাভাসের জন্য দিনটা একদমই ভালো ছিল না। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে হেরে বার্সেলোনা রিয়ালকে লিগের শীর্ষে ওঠার যে সুযোগ করে দিয়েছিল, সেই সুযোগ তাঁর বাজে পারফরম্যান্সের কারণেই হারাতে বসেছিল। শেষ পর্যন্ত অবশ্য এই গোলরক্ষকের অসাধারণ এক সেভের কল্যাণেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জিনেদিন জিদানের দল।
বার্নাব্যুতে ২৫ মিনিটে নাভাসের ভুলে গোল খেয়েই পিছিয়ে পড়ে রিয়াল। বেটিসের আন্তোনিও সারাবিয়ার শট প্রথমে থামিয়েছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তা ধরতে গিয়ে পারেননি নাভাস। অদ্ভুতভাবে বল তাঁর হাতে লেগে চলে যায় জালে। ৪১ মিনিটে মার্সেলোর ক্রস থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় রিয়ালকে।
গোল খাওয়ার আগেও একবার কেঁচে গণ্ডূস করেন নাভাস। ম্যাচের তখন ২০ মিনিট। বেটিসের দ্রাকো ব্রাসানাককে বক্সের মাথায় ফেলে দিয়েছিলেন। বক্স থেকে বেরিয়ে এসে এভাবে ফাউল করার অপরাধে রেফারি তাঁকে লাল কার্ড দিতেই পারতেন। তবে রেফারি এ ক্ষেত্রে এতটা কঠোর না হওয়ায় বড় বাঁচা বেঁচে যান নাভাস। বেঁচে যায় রিয়ালও।
১-১ সমতার পর রিয়াল বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি। রোনালদো একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে রেফারি বাজিয়ে দেন অফসাইডের বাঁশি। এর কিছু পরেই রোনালদোই নষ্ট করেন আরও একটি সুযোগ। তবে শেষ পর্যন্ত রিয়ালের ত্রাণকর্তা হয়ে ওঠেন সেই সার্জিও রামোস। রিয়ালকে আরও একবার বাঁচাল তাঁর মাথা। ৮১ মিনিটে টনি ক্রুসের কর্নারে মাথা লাগিয়ে রিয়ালের জয়সূচক গোলটি করেন তিনি। তবে যোগ করা সময়ে নাভাস অবশ্য ম্যাচে তাঁর অমার্জনীয় ভুলগুলো আড়াল করেন দুর্দান্ত এক সেভে। সেই সারাবিয়ারই এক দূরপাল্লার শট তিনি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন।
ম্যাচ শেষে জিদানকে সংবাদ সম্মেলনে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে নাভাসকে নিয়েই। যেকোনো গোলরক্ষকেরই এমন ভুল হতে পারে বলে মনে করেন জিদান, ‘বিরতির সময়ই আমি ওর সঙ্গে কথা বলেছি। এই ভুল যেকোনো গোলরক্ষকেরই হতে পারে।’
নাভাসের দুর্দান্ত সেভটির কথা মনে করিয়ে দিয়েছেন জিদান সবাইকে, ‘আমার খুব ভালো লেগেছে যে বড় বড় ভুল করার পরেও সতীর্থরা নাভাসের পাশে দাঁড়িয়েছে। সবাই জানে নাভাস আমাদের দলের কত বড় সম্পদ। দিন শেষে দুর্দান্ত এক সেভে নাভাস কিন্তু দলকে তিন পয়েন্ট এনে দিয়েছে।’
জিদানের কথার প্রতিধ্বনি রামোসের কণ্ঠেও। বিন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল অধিনায়কের কণ্ঠে নাভাসের প্রতি সমবেদনা, ‘যখন মাঠে কোনো খেলোয়াড় ভুল করে, তখন সমর্থকদের উচিত তাঁর প্রতি সদয় হওয়া। ম্যাচের শেষ মুহূর্তে নাভাসই তো দারুণ এক সেভে আমাদের মান বাঁচাল।’
এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে রিয়াল লা লিগার শীর্ষে ফিরে এল। একই দিন রিয়ালের আগে মাঠে নামা বার্সেলানা দেপোর্তিভো লা করুনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সূত্র: এএফপি