
জীবনের ২০টি বছর ক্লাবটিকে দিয়েছেন। উঠিয়ে এনেছেন ইউরোপের কুলীনদের সারিতে। সেই আর্সেনালের সমর্থকেরাই এখন আর্সেন ওয়েঙ্গারকে বলছেন, ‘চলে যাও! তুমি ক্লাবটাকে ধ্বংস করে ফেলছ।’
আর্সেনাল সমর্থকদেরই বা দোষ কী? কয়েক বছর ধরেই তো আর্সেনাল যেন একটা স্থির বিন্দু। লিগে সেরা চারে থাকা, চ্যাম্পিয়নস লিগে নকআউট এসেই বিদায়। লিগে কী হবে, সেটি মে মাসে জানা যাবে। তবে চ্যাম্পিয়নস লিগের ভাগ্যটা বদলায়নি এবারও, টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বাদ আর্সেনাল।
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম লেগেই হেরেছিল ৫-১ গোলে, অবিশ্বাস্য কিছু না হলে আর্সেনালের বিদায় তাই নিশ্চিতই ছিল। সেখানে দ্বিতীয় লেগেও ৫-১ গোলেই হেরেছে আর্সেনাল! দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের লজ্জা—চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে কোনো ইংলিশ দলের সর্বোচ্চ ব্যবধানে হার।
প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও একই ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। নাপোলির মাঠেও জিনেদিন জিদানের দল জিতেছে ৩-১ গোলে।
তবে স্কোরলাইনটা ভুল বোঝাচ্ছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিট পর্যন্তও নাপোলির ‘অঘটনে’র শঙ্কায় ছিল রিয়াল। সেখান থেকেও জিনেদিন জিদানের দলের জয় নিয়ে ফেরার কৃতিত্ব সার্জিও রামোস ও তাঁর মাথার। চ্যাম্পিয়নস লিগে নিজের ১০০তম ম্যাচে অধিনায়কের দুটি হেডই রিয়ালকে পথ দেখাল।
অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, বার্সেলোনার সমর্থকেরা জানেন রামোসের হেডের কী ‘মহিমা’! শেষ মুহূর্তে বা একেবারে প্রয়োজনের সময়ে গোল করে প্রতিপক্ষের হৃদয় ভাঙায় যেন ‘কোর্স’ করেছেন স্প্যানিশ ডিফেন্ডার। পরশু সেটি টের পেল নাপোলিও।
প্রথমার্ধে গতিতে, কৌশলে রিয়ালকে চেপে ধরে মরিসিও সারির দল, ২৪ মিনিটে দুর্দান্ত আক্রমণের পর দ্রিস মের্টেনসের গোলে ব্যবধানও কমায়। নাপোলি এক গোল করলেই রিয়াল উল্টো চাপে, এমন সময়েই দেখা দিলেন রামোস। ৫১ ও ৫৭ মিনিটে টনি ক্রুসের দুটি কর্নারে তাঁর দুটি হেডই বদলে দেয় চিত্র। যদিও দ্বিতীয় গোলটিতে বল জালে ঢোকার পথে মের্টেনসের গায়ে লাগে, সেটি তাই পায় আত্মঘাতী গোলের স্বীকৃতি। ৯১ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি আলভারো মোরাতার।
রামোসের প্রশংসা হলেও রিয়ালের নিষ্প্রভ পারফরম্যান্স, দুটি সেট পিসে গোল নিয়ে কোনোমতে উতরে যাওয়া নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। জিদান অবশ্য সেটিকে পাত্তা না দিয়ে ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ৩-১ গোলে জিতেছি, এটাই গুরুত্বপূর্ণ। কর্নার আর সেট পিসও তো খেলারই অংশ।’
দুর্দান্ত শুরু করেছিল আর্সেনালও। ২০ মিনিটে থিও ওয়ালকটের বুলেটগতির শটে এগিয়েও গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ডিফেন্ডার লরাঁ কসিয়েলনির লাল কার্ড ও পেনাল্টিতেই সব শেষ। পেনাল্টি থেকে রবার্ট লেভানডফস্কির গোলের পর ৬৮ থেকে ৮৫—এই ১৭ মিনিটে ৪ গোল করে বায়ার্ন!
ওয়েঙ্গার তাই দোষ দেখছেন রেফারিরই, ‘এটা রেফারির দায়িত্বজ্ঞানহীন কাজ।’ আর আর্সেনালের এমন লজ্জার হারের ব্যাখ্যা, ‘আমরা যেভাবে চেয়েছি, তেমন গর্ব ও স্পৃহা নিয়েই পারফর্ম করেছি, তবে গল্পের শেষটা হয়েছে খুব বাজে।’
ওয়েঙ্গারের আর্সেনাল ক্যারিয়ারের গল্পও না এমনই হয়! এএফপি, রয়টার্স।