রামোসের 'মাথা'য় শীর্ষে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি হেড, আরেকটি গোল, আরেকটি জয়। পরশু অধিনায়ক রামোসের হেডেই জয় নিয়ে মাঠ ছেড়েছে  রিয়াল মাদ্রিদ l এএফপি
আরেকটি হেড, আরেকটি গোল, আরেকটি জয়। পরশু অধিনায়ক রামোসের হেডেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ l এএফপি

‘আমরা শান্ত ছিলাম কারণ জানতাম যেকোনো মুহূর্তেই গোল করতে পারব।’

জিনেদিন জিদান যদি বলতেন, ‘কারণ জানতাম সার্জিও রামোস যেকোনো মুহূর্তে হেড করবে’ তাহলেও মনে হয় না খুব একটা ভুল হতো। রিয়াল মাদ্রিদের ম্যাচে এ দৃশ্যটা তো ইদানীং স্বাভাবিকই হয়ে গেছে! ম্যাচে রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে কিংবা সমতায়, আশঙ্কার কালো মেঘে ঢাকা পড়ছে ‘লস ব্লাঙ্কো’দের মুখ। তখনই কোনো ফ্রিকিক কিংবা কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছোঁয়াবেন রিয়াল অধিনায়ক। হাঁফ ছেড়ে বাঁচবে পুরো দল।

‘ছোঁয়া’ শব্দটা লেখা হলো বটে, তবে রামোসের হেড আসলে জালে যায় অনেকটা বুলেটগতিতে। আর বুলেটের মতোই সেটা কাল এফোঁড়-ওফোঁড় করে দিল রিয়াল বেটিসকে। পরশু বার্নাব্যুতে কেইলর নাভাসের অমার্জনীয় এক ভুলে ২৪ মিনিটে এগিয়ে গিয়েছিল বেটিস। প্রথমার্ধেই ক্রিস্টিয়ানো রোনালদো সেই গোলটা ফিরিয়ে দিলেও দ্বিতীয় গোলের দেখা আর পাচ্ছিল না রিয়াল। ম্যাচের যখন আর বাকি ১০ মিনিট, তখন টনি ক্রুসের কর্নার। আরেকবার রামোসের মাথায় ভর করে স্বস্তি ফিরল বার্নাব্যুতে (২-১)।

সে গোলে সবচেয়ে বড় স্বস্তি পেয়েছেন গোলরক্ষক নাভাস। ভয়ংকর একটা দিন গেছে তাঁর। ম্যাচের ২০ মিনিটে দারকো ব্রাসানাসকে থামাতে ডি-বক্সে ফেলে দিয়েছিলেন, শেষ রক্ষণ বিবেচনায় সেটা পেনাল্টি, রেফারি চাইলে লাল কার্ডও। কিন্তু মাতেও লাহোজের সেটা ফাউলই মনে হয়নি। ২৪ মিনিটে তো হাস্যকর ভুলে গোলই খেয়েছেন।

তবে এমন ভুলের পরও নাভাসের ওপর আস্থা হারাননি জিদান, ‘এটা খেলারই অংশ। আমি বিরতির সময় ওকে বলেছি, “যে কেউই ভুল করতে পারে।” সে সতীর্থদের কাছ থেকে যে সমর্থন পেয়েছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ওরা জানে নাভাস দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং শেষে একটা দুর্দান্ত সেভ করে ও-ই আমাদের ৩ পয়েন্ট এনে দিল।’ ৯৩ মিনিটের অবিশ্বাস্য এক সেভ করে আসলেই রিয়ালকে বাঁচিয়েছেন নাভাস। তবে এরপরও জিদানের কিছু আক্ষেপ রয়ে গেছে, ‘আমি খুশি হতাম যদি শুরুতেই দুই-তিনটা গোল পেতাম!’

গোল না পাওয়ার দুঃখে কাল পুড়েছেন লুইস এনরিকেও। বুধবার প্যারিস সেন্ট-জার্মেইকে ৬-১ গোলে উড়িয়ে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য ইতিহাস লিখেছে বার্সেলোনা। যে ম্যাচ দেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রশংসা করেছেন রিয়াল অধিনায়ক রামোসও, ‘বার্সেলোনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, খেলেছে—সেটা অসাধারণ। সত্যি বলতে, যেকোনো দিক দিয়ে এটা ঐতিহাসিক।’ কিন্তু সে ঐতিহাসিক ম্যাচটাই পরশু কাল হলো বার্সার। দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে তারা। এ হারেও পিএসজি ম্যাচের প্রভাব দেখছেন এনরিকে, ‘এটা খুব কঠিন। আমরা এ সপ্তাহে কিসের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা শুধু এ অভিজ্ঞতা যাদের আছে তারাই বুঝবে। ও রকম একটা ম্যাচের প্রভাব পরের ম্যাচে পড়বেই।’ এ হারেই এক ম্যাচ বেশি খেলেও রিয়ালের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে গেল কাতালানরা।

তবে বরাবরের মতোই চমকে দিয়েছেন জেরার্ড পিকে। তাঁর নাকি এ হারে আপত্তি নেই, ‘পিএসজির সঙ্গে জয়ের নিশ্চয়তা দিয়ে যদি এ ম্যাচে হারটাকে বেছে নিতে বলা হতো, বার্সেলোনার সঙ্গে জড়িত যে কেউই সেটা করত!’ এএফপি, রয়টার্স।

লা লিগার শীর্ষ পাঁচ

                ম্যাচ জয়  ড্র হার  গোল পয়েন্ট

রিয়াল মাদ্রিদ ২৬  ১৯  ৫  ২ ৬৯/২৭  ৬২

বার্সেলোনা   ২৭  ১৮  ৬  ৩ ৭৭/২৩  ৬০

সেভিয়া      ২৭  ১৭  ৬  ৪  ৫১/৩১  ৫৭

অ্যাটলেটিকো ২৭ ১৫  ৭  ৫ ৪৯/২২  ৫২

ভিয়ারিয়াল   ২৭  ১৩  ৯  ৫ ৩৯/১৯  ৪৮

* ৪৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে (+৪) ষষ্ঠ সোসিয়েদাদ