রাশফোর্ড চমকে ইউনাইটেডের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন আগে ইউরোপা লিগে মিটশেলানের বিপক্ষে অভিষেক রাঙিয়েছিলেন দুই গোল করে। কাল ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগে অভিষেক হলো মার্কাস রাশফোর্ডের। এবার রেকর্ড গড়েই উপলক্ষটা রাঙালেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। লিগে অভিষেকে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে দুই গোল করলেন ১৮ বছর বয়সী রাশফোর্ড! সঙ্গে একটি অ্যাসিস্টও। তাঁর নৈপুণ্যেই আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে লুই ফন গালের দল। এএফপি।
গোল দুটি রাশফোর্ড করেছেন প্রথমার্ধে। ২৯ মিনিটে ভেরেলার ক্রস থেকে প্রথম গোল। তিন মিনিট পর লিনগার্ডের ক্রস থেকে হেডে দ্বিতীয়টি। প্রথমার্ধেই ড্যানি ওয়েলবেকের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। ৬৫ মিনিটে আবারও রাশফোর্ড চমক। এবার গোল করিয়ে। তাঁর পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন অ্যান্ডার হেরেরা। আর্সেনালের দ্বিতীয় গোলটি ওজিলের।