রাশিয়া ও কাতার সন্দেহমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়াকে ২০১৮ আর কাতারকে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। ২০১২ সালে ফিফার নৈতিকতা কমিটির তদন্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পান যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি আইনজীবী মাইকেল গার্সিয়া। প্রায় দুই বছর ধরে বিষয়টি নিয়ে তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করে এই তদন্ত বিভাগ। গত পরশু ফিফা ৪০০ পৃষ্ঠার পুরো ‘গার্সিয়া রিপোর্ট’ প্রকাশ করেছে।

এ প্রতিবেদনের পুরোটা প্রকাশ করতে এর আগে অনীহা দেখিয়েছিল ফিফা। কিন্তু জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়ে দেয়, পুরো প্রতিবেদনটি তারা হাতে পেয়েছে। গত সোমবার এর কিছু অংশ তারা প্রকাশও করে। বিষয়টি নিয়ে এরপর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, নৈতিকতা কমিটির সভাপতি মারিয়া ক্লদিও রোজাস ও বিচার বিভাগের প্রধান ভ্যাসিলিয়োস স্কোরিস আলোচনায় বসেন। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে পুরো প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি ব্যাখ্যা করেছে ফিফা, ‘নথিগুলো একটি জার্মান পত্রিকায় অবৈধভাবে ফাঁস হয়েছে। কমিটির নতুন সভাপতি তাই পুরো প্রতিবেদন দ্রুত প্রকাশ করার সুপারিশ করেছেন...।’

২০১৪ সালে ফিফা প্রকাশ করেছিল গার্সিয়ার প্রতিবেদনের ৪০ পৃষ্ঠার সারাংশ। পুরো প্রতিবেদন প্রকাশ না করার প্রতিবাদে গার্সিয়া ফিফার তদন্ত কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর প্রতিবেদনের আংশিক প্রকাশকে গার্সিয়া ‘অসম্পূর্ণ আর ভ্রান্ত’ বলে উল্লেখ করেছিলেন। গার্সিয়ার প্রতিবেদনে একটি আর্থিক লেনদেনকে গভীর সন্দেহের চোখে দেখা হয়েছিল। বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা পেশ করা কাতারের পরামর্শক হিসেবে নিয়োজিত থাকা বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোজেল ফিফার সাবেক এক কর্মকর্তার ১০ বছর বয়সী মেয়েকে ২০ লাখ ডলার পাঠিয়েছিলেন।

গার্সিয়ার প্রতিবেদনে এও ছিল যে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর হাজার হাজার ইউরো পাঠানোর জন্য কাতারের একজনকে ই-মেইলে ধন্যবাদ জানিয়েছেন ফিফার নির্বাহী কমিটির এক সদস্য। ভোটাভুটির আগে ফিফার নির্বাহী কমিটির তিন সদস্য ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশেষ সভায় মিলিত হয়েছিলেন বলেও উঠে আসে গার্সিয়ার তদন্তে। তদন্ত শেষে ফিফার নৈতিকতা কমিটি এবং এই কমিটিরই বিচার বিভাগ গার্সিয়ার প্রতিবেদনে উল্লেখ করে, ২০২২ বিশ্বকাপ আয়োজক নির্বাচনের আগে সন্দেহজনক আচরণ লক্ষ করা গেছে। তবে এ নিয়ে প্রশ্ন তোলার মতো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি। ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপের আয়োজক নির্বাচন নিয়ে দুর্নীতি হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ গার্সিয়া নিজেও তাঁর প্রতিবেদনে দেখাতে পারেননি।

পুরো প্রতিবেদনটি দেখার পর সবচেয়ে খুশি হয়তো হয়েছেন কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্যরা। এতে যে তাঁরা সৎ ছিলেন বলেই প্রমাণ হয়েছে। গতকাল এক বিবৃতিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে কাতারের বিশ্বকাপ আয়োজন কমিটি, ‘এই তদন্তে আমরা যেভাবে সাহায্য করেছি আর এখন উপসংহারে যা পাওয়া গেল তাতে আমাদের সততারই প্রমাণ মিলেছে।’ এএফপি।