রাশিয়া দলে ডোপিংয়ের গুঞ্জন!

রাশিয়ান ফুটবলারদের এমন রাতারাতি বদলে যাওয়া! সবাই প্রশংসার চোখে তাকাচ্ছে। কেউ কেউ বাঁকা চোখেও। এর পেছনে অন্য কিছু নেই তো! বিশেষ করে রাশিয়ার খেলোয়াড়েরা ম্যাচের শেষ মুহূর্তেও যেভাবে দম নিয়ে ছুটছেন, এ কি শুধুই নিজ দেশে বিশ্বকাপের বাড়তি প্রেরণায়? কিছুদিন আগে রাশিয়ার ক্রীড়াঙ্গন নিয়ে ডোপ কেলেঙ্কারির অনেক খবর বেরিয়েছে বলেই সন্দেহটা কারও কারও। আর সেই সন্দেহ উসকে দিল খোদ রাশিয়ার এই আসরের সেরা খেলোয়াড় ডেনিস চেরিশেভের বাবার একটি মন্তব্য।
প্রথম ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবের বিপক্ষে উড়ন্ত শুরু করেছিলেন রাশিয়ানরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে মিসরকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হারলেও টুর্নামেন্টে টিকে থাকতে কোনো সমস্যা হয়নি। দলের বেশ কিছু খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে। সবচেয়ে আলো ছড়িয়েছেন চেরিশেভ। রুশ উইঙ্গারের বাবার এক মন্তব্য সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছে। দিমিত্রি চেরিশেভ যে বলেছেন, তাঁর ছেলে বিশ্বকাপের আগে গ্রোথ হরমোন নিয়েছিলেন!
গ্রুপ পর্বে তিন গোল করা চেরিশেভের বাবার এই মন্তব্যটা চমকে দেওয়ার মতোই। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে দিমিত্রি বলেছিলেন, ‘ও চোটে পড়েছিল। ডাক্তারদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে ডেনিসকে তখন গ্রোথ হরমোন দেওয়া হয়।’ এই মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে ২৭ বছর বয়সী রাশিয়ান এই খেলোয়াড় বলেছেন, ‘আমি জানি না সাংবাদিক কোত্থেকে এই খবর পেয়েছেন। সম্ভবত বাবার কথা উনি ভালোমতো বুঝে উঠতে পারেননি। আমি কখনোই এমন কিছু ব্যবহার করিনি।’
চোট থেকে খেলোয়াড়দের দ্রুত সারিয়ে তুলতে দলের চিকিৎসকেরা অনেক কিছুই করেন। ক্ষতিগ্রস্ত দুর্বল টিস্যুকে সারিয়ে তুলতে কখনো কখনো ইনজেকশনও দেওয়া হয়। এই চিকিৎসা অবৈধ কিছু নয়ও। তবে এই বয়সে গ্রোথ হরমোনের ইনজেকশন নেওয়া বিতর্কের জন্ম দেবেই। রাশিয়ান ফুটবল ইউনিয়ন অবশ্য দাবি করছে, ‘ও ইনজেকশন নিয়েছে ঠিকই, তবে ওটা গ্রোথ হরমোন ছিল না।’