রাশিয়ার রূপকথা আর চুপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় এখন চলছে উৎসব। ছবি: রয়টার্স
রাশিয়ায় এখন চলছে উৎসব। ছবি: রয়টার্স

২ জুলাই এক নতুন সকাল এনেছে রাশিয়ার জনজীবনে। নীলাভ আকাশ, সোনালি রোদে হাসছে ৬৬ লাখ ১২ হাজার ১০০ বর্গমাইলের দেশটি। মস্কো থেকে সোচি, সোচি থেকে রোস্তভ, রোস্তভ থেকে সেন্ট পিটার্সবার্গ, কাজান থেকে সামারা। আগের বিকেলে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ঝড়-ঝঞ্ঝা আর বিদ্যুৎ চমকে রুশ ফুটবল দল ঝলসে দিয়েছে মহাশক্তিধর স্পেনকে। পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

স্তানিসলাভ চেরচেশভের রাশিয়া বিশ্ব ফুটবলেই লিখেছে নতুন এক রূপকথা। তাদের এগিয়ে যাওয়া দেখে চুপ করে গেছে ফুটবলের নক্ষত্ররা। রূপকথার পাশে চুপকথাও আছে।

রাশিয়া উপকথা আর রূপকথার দেশ। এ দেশের শিশুসাহিত্য সমৃদ্ধ রূপকথা আর উপকথায়। রুশ ফুটবল দল, যাদের বলা হয় ‘ইসবোরনাইয়া’, তারারও রূপকথা সমগ্রে নতুন একটি পাতা যোগ করল।

রূপকথাই তো। সর্বনিম্ন র‍্যাঙ্কিং নিয়ে রাশিয়া কোয়ার্টার ফাইনালে চলে যাবে, কেউ ভাবেনি। ভাবতে গেলেও যুক্তির স্পর্শ লাগে, এ তো কল্পনারও অগম্য। রুশ গোলকিপার ইগর আকিনফিয়েভ যখন শূন্যে পা তুলে সুপার হিউম্যানের মতো স্পেনের ইয়াগো আসপাসের পেনাল্টি শটটি ঠেকিয়ে দিলেন, সামারা অ্যারেনার মিডিয়া সেন্টারে একটা ভূমিকম্প হলো। আলেক্সান্দার নাজারভ নামের এক রুশ সাংবাদিক শরীরটাকে শূন্যে ছুড়ে দিয়ে একটা ডিগবাজি খেলেন। তাঁর দেখাদেখি আরও কয়েকজন। ইস্পাত আর কাঠে নির্মিত অবকাঠামোটি যেভাবে নড়ে উঠল, সেটির তুলনা ভূমিকম্পের সঙ্গেই করা যায়।

কথা বলতে পারছিলেন না আলেক্সান্দার, হাঁফাচ্ছিলেন অনবরত, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না ইসবোরনাইয়া কোয়ার্টার ফাইনালে চলে গেছে। তা–ও স্পেনকে বিদায় করে দিয়ে। অথচ আমরা এই দলটির ওপর কখনোই বিশ্বাস রাখিনি।’ পেশাগত দায়িত্ববোধ ভুলে সব স্বেচ্ছাসেবক ও স্টুয়ার্ড উল্লসিত। তাঁদের কণ্ঠেও ‘রা-সি-য়া’।

স্টেডিয়াম এলাকা দুই কিলোমিটার দূর থেকেই নিরাপত্তা জালে বিচ্ছিন্ন। সন্ধ্যায় বেরোনোর মুখে দেখা গেল, তীব্রবেগে গাড়ি হাঁকিয়ে তরুণেরা ছুটে আসছে এই পথ দিয়েই। গাড়ির জানালা গলে ওড়ানো হয়েছে লাল-নীল-সাদা পতাকা। অক্লান্ত কণ্ঠে চিৎকার উঠছে, ‘রা-সি-য়া, রা-সি-য়া’। পুলিশের বাধা ওদের কাছে খড়কুটোর মতো ভেসে গেছে।

নগরকেন্দ্র স্টেডিয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে। সেখানে ভিলোনভোস্কায়ায় ফ্যান জোন, যেখানে বিশ্বকাপের ম্যাচের দিনে চলে উৎসব, ফিফার ভাষায় ফ্যান ফেস্ট। যাওয়া গেল সেখানে। মানুষ আর মানুষ। মানুষের স্রোত সামলাতে হিমশিম খাওয়া পুলিশ অনেক আগেই রাস্তা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার উৎসবের মনটাকে বোঝার জন্য এই ফ্যান ফেস্টেই আসতে হয়। এমনিতে এরা আবেগকে মনের সদর দরজা হাট করে বাইরে আনে না। এদের নির্দিষ্ট সময় থাকে, স্থান থাকে।

ফ্যান ফেস্টেই দেখা গেল তরুণ-তরুণী, প্রবীণ-প্রবীণাদের বাঁধভাঙা উদ্‌যাপন। বড় পর্দায় তখন ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচ চলছে। কিন্তু রাশিয়ার জয়ের উৎসব তখনো চলছে। নাচ, গান এবং পান।
মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে অনেকে, কথা জড়িয়ে যাচ্ছে নেশার ঘোরে, বিদেশি সাংবাদিককে জড়িয়ে ধরে বলছে, ‘রাশিয়া চ্যাম্পিয়ন।’ তা স্পেনের বিপক্ষে নিচের সারির যেকোনো দলের জয়ই বিশ্ব জয়ের অনুভূতি ছড়িয়ে দেয়। রাশিয়ার ক্যারাভান শেষ আটেই যদি থামিয়ে দেয় ক্রোয়েশিয়া, তারপরও এই অনুভূতিটা কখনো মরবে না।

রাশিয়ার এই অবাক এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাওয়া যাচ্ছে কোরিয়ার। ২০০২ বিশ্বকাপে বিশ্বকাপের যৌথ স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে নিয়ে কেউ স্বপ্ন দেখেনি। কিন্তু সেই কোরিয়াই গোটা বিশ্বকে অবাক করে দিয়ে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। সেখানে তাদের স্বপ্নযাত্রার শেষ টেনে দিয়েছিলেন জার্মানির মাইকেল বালাক, একটি মাত্র গোল করে। দ্বিতীয় রাউন্ডে কোরিয়া হারিয়ে দিয়েছিল ইতালিকে, কোয়ার্টার ফাইনালের পেনাল্টি শুটআউটে কোরিয়া বুক ভেঙে দিয়েছিল স্পেনের।

কোরিয়ার বিশ্বকাপ রূপকথা লিখে আসা কোচ গাস হিডিঙ্ক দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে গিয়েছিলেন রাশিয়ার অনুশীলন ক্যাম্পে। হিডিঙ্কের কথার জাদু নিশ্চয়ই কাজ করেছে! এমন বিশ্বাসও দেখি এখানে অনেকের মধ্যে আছে। হিডিঙ্ক অবশ্য রাশিয়ার কাছে শুধুই একজন অতিথি নন, রাশিয়ার কোচও ছিলেন একসময়। অল্পের জন্য নিয়ে যেতে পারেননি ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।

রাশিয়ার স্বপ্নযাত্রা কি কোরিয়ার মতো লম্বা হবে? হতে পারে, হতেই পারে। যেসব উল্টোপাল্টা কাণ্ডকারখানা ঘটছে। জার্মানি গেল, আর্জেন্টিনা গেল, বিদায় নিল পর্তুগাল ও স্পেন। ঘরভর্তি সাংবাদিকদের যার সঙ্গেই কথা বলা যায়, উত্তর মেলে এমনটাই।
স্পেনের বিপক্ষে সমতা ফেরানো পেনাল্টি গোলের নায়ক আরতিয়ম জিউবার মনে হচ্ছে, বিশ্বকাপ আমরা জিততেও পারি। রাশিয়া বিশ্বকাপে মনের কারবার অনেক চলছে।