রাশিয়ায় কাল শুরু ফিফা কনফেডারেশনস কাপ

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের এক বছরের কম সময় বাকি আছে। জমজমাট এ ফুটবল উৎসব আয়োজনে কতটা প্রস্তুত রাশিয়া? বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব ফুটবল রোমান্টিকরা রাশিয়ায় আসবেন, তাঁদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে? দেশটিতে ২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের কি জবাব দিতে পারবে রাশিয়া? এসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া যাবে কাল শনিবার থেকে। রাশিয়ায় এদিনই শুরু হচ্ছে বিশ্বকাপের পোশাকি মহড়া ফিফা কনফেডারেশনস কাপ।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়া খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কি স্টেডিয়ামে স্থানীয় সময়ে সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, স্বাগতিক দেশকে সমর্থন জানাতে এ দিন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কনফেডারেশনস কাপের সব কটি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরই এ টুর্নামেন্ট আয়োজনের মান নিয়ে কথা বলবেন পুতিন।
শক্তির বিচারে উদ্বোধনী ম্যাচে এগিয়ে থাকছে স্বাগতিক দলই। রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেসোভও নিজেদেরই এগিয়ে রাখছেন, ‘নিউজিল্যান্ডের জন্য অবশ্যই রাশিয়া শক্তিশালী প্রতিপক্ষ, আমরা ম্যাচটা ৩-০ ব্যবধানে জিততে চাই।’ নিউজিল্যান্ডের কোচ আন্তোহনি হুডসনও রাশিয়াকে ফেবারিট মেনে নিয়েছেন। ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এ টুর্নামেন্টে বিশেষ কিছু করে দেখাতে এসেছি, যা এর আগে নিউজিল্যান্ড দল কখনো করতে পারেনি। টুর্নামেন্টে অন্তত একটি ম্যাচ জিততে চাই।’
সেন্ট পিটার্সবার্গ ছাড়াও মস্কো, কাজান ও সোচি শহরের চারটি স্টেডিয়ামে হবে কনফেডারেশন কাপের সব কটি ম্যাচ। চারটি পর্বে ভাগ করে গত নভেম্বরে শুরু হয় কনফেডারেশনস কাপের টিকিট বিক্রি। ফিফার প্রথম নারী মহাসচিব ফাতমা সামোরার বরাত দিয়ে রুশ পত্রিকা গাজেতা ডট রু জানায়, প্রায় ৬০ ভাগ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। রাশিয়া-নিউজিল্যান্ড ম্যাচের ৪৪ হাজার টিকিট বিক্রি হয়েছে, বাকি আছে সাত হাজার টিকিট। গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচের টিকিট সর্বনিম্ন ৯৬০ রুবল (১৬ মার্কিন ডলার) দিয়ে কেনা যাচ্ছে।
আগেই জানা গেছে, কনফেডারেশনস কাপের যেকোনো ম্যাচ দেখতে হলে একজন দর্শককে ম্যাচের টিকিট কেনার পাশাপাশি ফিফার ফ্যান আইডি সংগ্রহ করতে হবে। ফিফার ফ্যান আইডি না থাকলে ম্যাচের টিকিট থাকলেও স্টেডিয়ামে ঢোকার সুযোগ মিলবে না। ফিফার ওয়েবসাইটে বলা হয়, কোনো দর্শক যদি কনফেডারেশনস কাপের টিকিট কিনে থাকেন, তাহলে তাঁকে অবশ্যই ফিফার ফ্যান আইডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে তৈরি হওয়া ফ্যান আইডি রাশিয়ার সরকারি ডাক বিভাগের মাধ্যমে দর্শকের ঠিকানায় পাঠাবে ফিফা। মস্কোসহ বাকি তিনটি শহরে ফিফার বুথ অফিস থেকেও ওই ফ্যান আইডি পাওয়া যাবে। কনফেডারেশনস কাপ চলাকালীন এ ফ্যান আইডি দিয়ে ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণের পাশাপাশি এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে বিনা পয়সায় যাওয়ার সুযোগ পাবেন দর্শকেরা। তা ছাড়া ম্যাচের দিন ওই শহরের পাবলিক ট্রান্সপোর্ট বিনা পয়সায় ব্যবহারের সুযোগ মিলবে।