রাশিয়ায় বিশ্বকাপ চায় না জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালেয়শিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। অনেকেই এর জন্য দায়ী করছেন রাশিয়াকে। ইউক্রেনের পশ্চিমা-সমর্থিত সরকারের অভিযোগ, ওই অঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই বিমানটি ভূপাতিত করেছে। একই অভিযোগ হয়তো জার্মানিরও। আর সে কারণেই রাশিয়া থেকে ২০১৮ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তারা।
দেশটির হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পেটার বয়েথ বলেছেন, ‘যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা না করেন তাহলে রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ কল্পনাও করা যায় না।’ একই কথা দেশটির আরেক রাজনীতিবিদ মিখায়েল ফুখজেরও। তিনি প্রস্তাব দিয়েছেন জার্মানি, ইতালি আর ফ্রান্স মিলে পরের বিশ্বকাপ আয়োজন করার। বিধ্বস্ত বিমানের বেশির ভাগ যাত্রীই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। রাশিয়া বিশ্বকাপে তাই অংশ না নেওয়ার দাবি উঠেছে নেদারল্যান্ডসে। তবে এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না দেশটির ফুটবল ফেডারেশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শোকের এই সময়টাতে ডাচ ফুটবল ফেডারেশন নিহতদের পরিবার, স্বজনদের সহমর্মিতা জানাতে চায়।’ পুরো ব্যাপারটি নিয়ে তদন্তের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন ডাচ ফুটবল ফেডারেশন। এএফপি, বিবিসি।