রাশিয়া-কাতারের ভাগ্য বদলানোর নয়
দুদিন আগেই ফিফার নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ডমিনিক স্কালা তর্কটা উসকে দিয়েছিলেন—ঘুষের অভিযোগ প্রমাণিত হলে রাশিয়া ও কাতারের কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নেওয়া হতে পারে। কিন্তু পরশু ফিফা এক বিবৃতি দিয়ে জানাল, রাশিয়া ও কাতারের কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার আইনগতভাবে কেড়ে নেওয়া সম্ভব নয়।
জুরিখে সাত ফিফা কর্মকর্তা গ্রেপ্তার, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণা—ফুটবল বিশ্ব তোলপাড়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরের দুই বিশ্বকাপ কি রাশিয়া ও কাতারে হবে? স্কালার কথার পর প্রশ্ন জেগেছিল, রাশিয়া ও কাতার টাকা দিয়ে ভোট কিনেছে—এমন অভিযোগ প্রমাণিত হলে কী হবে? সিএনএনের বরাতে ফিফার বিবৃতি উল্টো কথাই বলল, ‘রাশিয়া ও কাতার নির্বাহী কমিটির ভোটেই ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে। বিশেষজ্ঞ মত ও অন্যান্য তথ্য অনুযায়ী, রাশিয়া ও কাতারের কাছ থেকে বিশ্বকাপের আয়োজন কেড়ে নেওয়ার কোনো আইনগত অধিকার নেই। উদ্ভূত পরিস্থিতি কী হতে পারে, সেটা নিয়ে আমরা অনুমাননির্ভর কথা বলব না। আপাতত এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’ ইএসপিএন, সিএনএন।