রাসেলকে জিতিয়ে দিল রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার ম্যাচ পর গোল পেলেন শেখ রাসেলের স্ট্রাইকার শাখাওয়াত রনি। উত্তর বারিধারার বিপক্ষে দ্বিতীয় গোলের পর যেন উড়তে চাইলেন আনন্দে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
চার ম্যাচ পর গোল পেলেন শেখ রাসেলের স্ট্রাইকার শাখাওয়াত রনি। উত্তর বারিধারার বিপক্ষে দ্বিতীয় গোলের পর যেন উড়তে চাইলেন আনন্দে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ম্যাচের পর ড্রেসিংরুমের বারান্দায় প্রায় আধা ঘণ্টা জয় উদ্যাপন করলেন শেখ রাসেলের ফুটবলাররা। প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটির জন্য এ মুহূর্তে প্রতিটি পয়েন্ট যেন মুমূর্ষু রোগীকে জোগানো ‘অক্সিজেন’। তা শেখ রাসেল কাল সেই অক্সিজেন বুক ভরেই নিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে লিগে পেয়েছে নিজেদের তৃতীয় জয়। দুটি গোলই করেছেন শাখাওয়াত রনি। লিগে তাঁর গোল হলো চারটি। কালকের জয়ে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশে উঠে এল শেখ রাসেল। ২২ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ চারে। অন্য ম্যাচে শেখ জামালও ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।
প্রথম পর্বে উড়তে থাকা রহমতগঞ্জের খেই হারানোর শুরু লিগের মাঝপথে। প্রথম পর্বের শেষ ম্যাচে হেরেছে আবাহনীর কাছে। দ্বিতীয় পর্বের শুরুতেই হার মোহামেডানের সঙ্গে। কাল শেখ রাসেলের কাছে হারের পর ডাগআউটে বসা কর্মকর্তাদের একজন বলছিলেন, ‘এলাকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছে, দলের এই অবস্থা কেন? কত টাকা খেয়েছ? আমরা কোনো উত্তর দিতে পারছি না।’
রহমতগঞ্জ ১৩ ম্যাচে এ পর্যন্ত প্রতিপক্ষের জালে দিয়েছে ২১ গোল। তাদের চেয়ে বেশি গোল শেখ জামাল (২৬ গোল) ও চট্টগ্রাম আবাহনীর (২২ গোল)। রহমতগঞ্জের নিয়মিত একাদশের আটজন ফুটবলার প্রায় প্রতিটি ম্যাচেই গোল পাচ্ছিলেন। এঁদের যে আসলেই গোল করার সামর্থ্য রয়েছে তা এই পরিসংখ্যানেই স্পষ্ট—সিও জুনাপিও ৫টি, মেহবুব হোসেন ৪টি, দাউদা সিসে ৩টি, আলাউদ্দিন ও দিদারুল ২টি করে গোল করেছেন। এলিটা বেঞ্জামিন, সোহেল ও জাত্তা মোস্তাফা করেছেন ১টি করে গোল। বাকি ২টি গোল আত্মঘাতী। এমন আত্মবিশ্বাসী ফুটবলাররা হঠাৎই কোন অজানা রহস্যে গোল করতে ভুলে গেলেন! সর্বশেষ তিন ম্যাচে মাত্র একটি গোল রহমতগঞ্জের।
রহমতগঞ্জের কোচ কামাল বাবু কাল নিয়মিত গোলরক্ষক সামিউলকে খেলাননি। কোচের দাবি, ‘মাসুমের (সামিউল) হঠাৎ জ্বর এসেছে।’ দ্বিতীয় গোলরক্ষক আল আমিনও নাকি ‘আনফিট’! লিগে কালই প্রথম মাঠে নামেন তৃতীয় গোলরক্ষক মাহফুজ হাসান। যাঁর হাস্যকর ভুলে দুটি সহজ গোল দিয়েছে শেখ রাসেল। ৫২ মিনিটে রুম্মনের পাস থেকে পাওয়া বলে শাখাওয়াত রনির প্লেসিংয়ে ১-০ হয়। ওই বলটি মাহফুজের পায়ের ফাঁক দিয়ে ঢোকে জালে। ৫৫ মিনিটে কর্নারের বিনিময়ে অনায়াসেই গোল বাঁচাতে পারতেন। কিন্তু বলটি সীমানাদাগের ওপর থেকে হাত বাড়িয়ে তুলে দেন রনির পায়ে। ফাঁকা পোস্টে সহজেই গোল করেন রনি!
জয়ে ফিরল শেখ জামাল: টানা তিন ম্যাচ হারের পর জয়ে ফিরল শেখ জামাল। উত্তর বারিধারাকে কাল তারা হারিয়েছে ২-০ গোলে। ৮৩ মিনিটে লিঙ্কনের ক্রসে প্রথম গোলটি করেন এমেকা। ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন ল্যান্ডিং দারবোয়ে। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠল শেখ জামাল।
বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় আজকের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। লিগের এই ম্যাচগুলো হবে আগামীকাল, পুরো সূচির বদল অনুযায়ী হবে পরের ম্যাচগুলো।