মোহামেডান গ্যালারির সামনে অনেক দিন পর দেখা গেল পুলিশ। হাতে গোনা সাদা-কালো সমর্থকদের সম্ভাব্য গোলমাল ঠেকাতেই এই সতর্কতা। মাঠে একটু উত্তেজনা তৈরি হওয়ায় তাঁরা চিৎকার করছিলেন। মোহামেডান সমর্থকেরা যেন হারানো জোশ ফিরে পেয়েছেন খানিকটা। তারকাখচিত শেখ রাসেলের বিপক্ষে দল যে বেশ ভালো খেলছিল।
কাগজে-কলমে দুই দলে বিস্তর ব্যবধান। শেখ রাসেলে এমিলি, জাহিদ, হেমন্ত, মিঠুন, মিশুদের মতো দেশসেরা খেলোয়াড়। মোহামেডানে একঝাঁক অখ্যাত নবীন। তাদের মাঝমাঠে সোহেল রানা জুনিয়র, জুয়েল রানা, সোহাগ। কিন্তু মাঠে শিরোপাপ্রত্যাশী শেখ রাসেলের সঙ্গে সমানে টক্কর দিল মোহামেডানের অখ্যাত এই তরুণেরাই। মাঝেমধ্যে বিদ্যুৎ ঝলকানির মতো মনে করাচ্ছিল পুরোনো মোহামেডানকেই। তাতেও অবশ্য হার এড়ানো যায়নি। কষ্টার্জিত জয়ে (১-০) প্রিমিয়ার লিগে বড় এক বাধাই পেরোল শেখ রাসেল।
পুরোনো ক্লাবের সঙ্গে হিসাবটা চুকিয়ে নিলেন উইঙ্গার জাহিদও। গত মৌসুমে এই মোহামেডান থেকে টাকা নিয়েও ঠিকমতো খেলেননি বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। চুক্তির অর্ধেক ১৭ লাখ টাকা মোহামেডানকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে তবেই শেখ রাসেলে খেলতে পারছেন এ মৌসুমে। কাল সেই জাহিদের কর্নারেই মাপা হেডে ম্যাচের একমাত্র গোল। হেডটা করেছেন যিনি, গোলদাতার তালিকায় তাঁর নাম ওঠে কালেভদ্রে। ডিফেন্ডার রেজাউল!
মোহামেডানের ভুল ওই একটাই। রেজাউলকে মার্কিং করা হয়নি। সেই ফাঁকে রেজাউল পেছন থেকে এসে হেডে বল জড়িয়ে দিলেন জালে। ৬০ মিনিটে জাহিদ-রেজাউলের যুগলবন্দীতে গোল হতেই ডাগ-আউটে প্রাণ পেলেন শেখ রাসেল কোচ দ্রাগান দুকানোভিচ। এমন লাফ দিলেন মন্টেনেগ্রিয়ান কোচ, যুদ্ধজয়ের আনন্দই ঠিকরে বেরোল তাঁর শরীরী ভাষায়। আক্ষরিক অর্থে মোহামেডান-শেখ রাসেল যুদ্ধই হলো কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয়। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এ পর্যন্ত সেরা ম্যাচও এটি।
আক্রমণ-পাল্টা আক্রমণে উপভোগ্য ম্যাচ। গতির অভাব কখনোই ছিল না। শেখ রাসেলের মাঝমাঠে হেমন্ত-মিঠুনরা আক্রমণ গড়লেও তা মোহামেডানের দুই আফ্রিকানের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল বারবার। প্রতি-আক্রমণে মোহামেডান কয়েকবার উঠেছে দারুণভাবে কয়েকবার। দ্রুত প্রান্ত বদল করে খেলার গতি পাল্টে গোলকধাঁধায় ফেলে দেয় তারা শেখ রাসেলকে। তিন-চারজনের পা ঘুরে পোস্টে শট নিয়েছে বেশ কয়েকটি। এর বাইরে অন্তত তিনবার ফাঁকায় বল পেয়েছেন স্ট্রাইকার বাঙ্গুরা। দৃষ্টিকটুভাবেই সুযোগ করেছেন হাতছাড়া।
একটা দল হয়ে খেলাই মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসির মন্ত্র। সেভাবেই তাঁর দল খেলছিল শুরু থেকে। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হার। শেখ রাসেল এখানেই সফল। তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট তুলে তারা যোগ দিল শেখ জামাল ও মুক্তিযোদ্ধার সঙ্গে। সমান ম্যাচে ৬ পয়েন্ট মোহামেডানের। শুরু থেকেই যারা খেলছে নামের সঙ্গে সংগতি রেখে।
ব্রাদার্সের প্রথম
ড্র, হার, জয়। প্রথম তিন ম্যাচে তিন রকম অভিজ্ঞতা হলো ব্রাদার্সের। তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ। আগের দুই ম্যাচে পয়েন্টশূন্য ফরাশগঞ্জকে কাল ব্রাদার্স হারিয়েছে ৩-১ গোলে। চারটি গোলই বিদেশি খেলোয়াড়দের। অ্যাডামস দুটি ও ওয়েলসন করেছেন ব্রাদার্সের অন্য গোলটি। ফরাশগঞ্জের হয়ে ব্যবধান কমান আকিনাইলি।