রাসেলে থামল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি আর কাদায় ফুটবল কী কষ্টের! বল দখলের লড়াইয়ে মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা ও শেখ রাসেলের বোয়ান পেত্রিচকে (নিচে) কাল এভাবেই পাওয়া গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
বৃষ্টি আর কাদায় ফুটবল কী কষ্টের! বল দখলের লড়াইয়ে মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা ও শেখ রাসেলের বোয়ান পেত্রিচকে (নিচে) কাল এভাবেই পাওয়া গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

সকালের রোদ ঝলমলে আকাশ দুপুরে এসেই রং বদলাতে শুরু করল। প্রিমিয়ার লিগে মোহামেডান-শেখ রাসেল ম্যাচের ঘণ্টা খানেক আগে হয়ে গেল একপশলা বৃষ্টি। বৃষ্টিভেজা বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের খেলায়ও যেন বদলে গেল রং। লিগে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পর কালই যে প্রথম হারের মুখ দেখল মোহামেডান। সাদা-কালোদের ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শেখ রাসেল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। রাসেলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।
জিতলেই শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে মাত্র ১ পয়েন্ট দূরত্বে থাকত মোহামেডান। ব্যবধানটা ধরে রাখার সেই লেক্ষ্যই খেলতে নেমেছিল। কিন্তু ইসমাইল বাঙ্গুরা, ইব্রাহিম, এলিটা বেঞ্জামিনদের গোল নষ্টের মহড়ায় সেটা সম্ভব হয়নি মোটেও।
ঐতিহ্যবাহী মোহামেডানের চিরকালীন সমস্যা অনুশীলন মাঠ। কখনো বাফুফের অ্যাস্ট্রো টার্ফে, কখনো শেখ জামালের মাঠে অনুশীলন করেন ফুটবলাররা। কাদামাঠে তাই স্বাভাবিক খেলতে পারেননি জুয়েল রানারা। তারপরও প্রথমার্ধে দাপট দেখিয়েছে মোহামেডানই। কিন্তু খেলার ধারার অনেকটা বিপরীতেই এগিয়ে যায় শেখ রাসেল। ৪৬ মিনিটে বক্সের সামান্য বাইরে এমিলিকে ফেলে দেন মোহামেডানের এলিটা। ফ্রিকিকে মানবদেয়ালের ফাঁক গলে জাহিদের মাটি কামড়ানো শটে পা ছুঁইয়ে গোল করেন মিঠুন। ৭৮ মিনিটে সমতায় ফেরার চমৎকার সুযোগ ছিল মোহামেডানের। মিডফিল্ডার ইব্রাহিম তিন ডিফেন্ডারের পর গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে কাটিয়েও তাড়াহুড়ো করে বল মেরে দেন বাইরে! ৮২ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন শেখ রাসেলের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ডান প্রান্ত দিয়ে সোহেল রানার ক্রসে মাথা ছুঁয়ে উল্লাসে মেতে ওঠেন বিকেএসপির সাবেক ছাত্র। ম্যাচের যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইসমাইল বাঙ্গুরা।
হারের জন্য ফরোয়ার্ডদের ব্যর্থতার পাশাপাশি কাদামাঠকেও দুষেছেন মোহামেডানের কোচ জসিমুদ্দিন জোসি, ‘ফুটবল গোলের খেলা। শেখ রাসেল সুযোগের সদ্ব্যবহার করেছে। আমরা সেটা পারিনি। তা ছাড়া এমন কাদামাঠে আমার ছেলেরা খেলে অভ্যস্ত নয়। এই মাঠে ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছিল ওদের।’ এই ম্যাচ হারলেও শিরোপাদৌড়ে টিকে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘আমি আশাবাদী। এটা লম্বা দৌড়ের খেলা। আমি দৌড়ে শেষ পর্যন্ত ফিতার শেষভাগটা ছোঁয়ার চেষ্টা করব।’ শেখ জামাল ছেড়ে এসে পুরোনো ডেরায় আনন্দেই আছেন কোচ মারুফুল। নতুন দায়িত্ব পেয়ে টানা ২ ম্যাচ জিততে পেরে উচ্ছ্বসিত শেখ রাসেল কোচ, ‘ছেলেদের খেলায় আমি খুশি। এই মাঠে এর থেকে ভালো খেলা আশা করা যায় না। শেখ জামাল থেকে চ্যালেঞ্জ নিয়েই এসেছি। যেখানেই যাব সেই দলকে এক নম্বরে নেওয়ার চেষ্টা থাকবে আমার। এখানেও সেভাবেই এগোচ্ছি।’