রাসেলের ঘাম ঝরানো জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন মারুফুল হক। দুর্বল ফেনী সকারের সঙ্গে এতটা ঘাম ঝরিয়ে জিততে হবে এটা হয়তো ভাবতে পারেননি শেখ রাসেলের কোচ। কাল যোগ হওয়া সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে শিগোজির গোলে ৪-৩ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে রাসেল।
দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের জয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ ট্রফিটা প্রায় নিশ্চিত হলো শেখ রাসেলের।
ম্যাচের ১০ মিনিটে সোহেলের গোলে এগিয়ে যাওয়া ফেনী সকারকে একই সমতলে টেনে নামায় ২৪ মিনিটে মিঠুনের দেওয়া গোল। ৩৯ মিনিটেই এগিয়ে যেতে পারত রাসেল। কিন্তু মিঠুনেরই শট ক্রসবারে লেগে ফেরে। এরপর ৫১ মিনিটে কিংসলের ক্রস থেকে হেডে ২-১ করেন পল এমিলি। ৫২ মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে ৩-১ করে শেখ রাসেল। মিনিট ছয়েক পর ফেনীর আলী হোসেন ব্যবধান কমান (৩-২)। মিনিট তিনেকের মধ্যেই আবদুল্লাহ আল মামুনের গোলে সমতা আনে ফেনী (৩-৩)। যোগ হওয়া সময়ে রাসেলের জয় নিশ্চিত করা গোলটি করেন কিংসলে।
ব্রাদার্সের জয়: আগের ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত ব্রাদার্স কাল দুর্বল রহমতগঞ্জকে হারাল ১-০ গোলে। এই জয় নিয়েও ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পাঁচেই রইল ব্রাদার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ।
১৪ মিনিটে ইমুর পাস থেকে রনির আলতো টোকায় জয়সূচক একমাত্র গোলটি পেয়েছে ব্রাদার্স। ম্যাচের শেষ দিকে মরিয়া রহমতগঞ্জ অনেক আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি স্ট্রাইকারদের ব্যর্থতায়।
চট্ট. আবাহনী-বিজেএমসি ড্র: চট্টগ্রামে বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ১২ পয়েন্ট হলো চট্টগ্রাম আবাহনীর, পয়েন্ট তালিকায় দশেই রইল তারা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আটে বিজেএমসি।