রাসেলের জয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেএমসি যেভাবে আক্রমণাত্মক খেলেছিল, ড্রটা প্রাপ্যই ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারই মানতে হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে (২-১)।
এই হারে বিজেএমসির কোনো গ্লানি নেই। শেষ দিকে দলটির ফরোয়ার্ড মেহেদি হাসান তপুর দুর্দান্ত ব্যাক ভলি খুঁজে পেল না জাল। জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় অনেক দিন পর কাল নিজের উপস্থিতি জানান দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আরেকটি দৃষ্টিকাড়া শট আটকে দিয়েছেন শেখ রাসেল গোলরক্ষক লিটন।
শেখ রাসেলের জন্য হাঁফ ছেড়ে বাঁচার মতোই অবস্থা! আগের ম্যাচে শেখ জামালের কাছে হার। সেই ধাক্কা সামলে কাল শিরোপাপ্রত্যাশীরা জয়ের ধারায় ফিরল ঘাম ঝরিয়েই। আক্রমণভাগে যথারীতি দুর্বলতা, বেশির ভাগ শটই এলোমেলো। অধিনায়ক মিঠুন চৌধুরী কাল দলেই ছিলেন না। প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়ানো খেলোয়াড় নেই বলতে গেলে। এদিন ভাগ্যকেও পাশে পেয়েছে শেখ রাসেল। শুরুর দিকেই একবার তাদের বাঁচিয়েছে পোস্ট।
তবু দুই এমিলি গোল করে ম্যাচের লাগাম এনে দেন রাসেলের হাতে। ২০ মিনিটে ক্যামেরুনের স্ট্রাইকার পল এমিলি একেক প্রচেষ্টায় বক্সে ঢুকে ১-০ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে জাহিদ হাসান এমিলি ২-০ করতেই ম্যাচ হেলে পড়ে শেখ রাসেলের দিকে। কিন্তু তপুকে বক্সে ফেলে দেওয়ায় বিজেএমসির জীবন পেনাল্টি কাজে লাগিয়ে করলেন ২-১। উজ্জীবিত বিজেএমসি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও সমতাসূচক গোল আর পায়নি।
ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে একমাত্র এক পয়েন্ট পাওয়া বিজেএমসি ১১ দলের লিগের আছে দশে।