রিও অলিম্পিক নিয়েও দুর্নীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফায় দুর্নীতি-ভূতটা কি অলিম্পিকেও ভর করল? ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে স্বাগতিক দেশগুলো ও ফিফার ঘুষ-দুর্নীতি নিয়ে টালমাটাল হয়েছে পুরো ফুটবল-দুনিয়া। পতন হয়েছে অনেক রথী-মহারথীর। এবার সেই একই অভিযোগ অলিম্পিক আয়োজন নিয়ে। ফ্রান্সের লা মঁদ পত্রিকা দাবি করেছে, ঘুষ দিয়েই ২০১৬ অলিম্পিকের স্বাগতিক হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো।
২০১৬ অলিম্পিকের স্বাগতিক বেছে নেওয়ার তিন দিন আগে নাকি ব্রাজিলের এক ব্যবসায়ী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রভাবশালী সদস্য ল্যামাইন ডিয়াকের ছেলেকে ১৫ লাখ ডলার ঘুষ দেন। দুর্নীতির দায়ে এখন ফ্রান্সে আটক থাকা ডিয়াক ওই সময় ছিলেন আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি। ৬৬-৩২ ভোটে জিতে অলিম্পিকের স্বাগতিক হয় রিও।
ল্যামাইনের ছেলে পাপা মাসাতা ডিয়াকও দুর্নীতির অভিযোগে অ্যাথলেটিকস থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন। তদন্ত কমিটির দাবি, ব্রাজিলের যে ব্যবসায়ী ওই ঘুষ দিয়েছিলেন তাঁর কোম্পানি রিও অলিম্পিকের অবকাঠামো নির্মাণের অনেক কাজ পেয়েছিল। বিবিসি।