রিবেরির পাশে রুমেনিগে

ধরেবেঁধে কি কাউকে খেলানো যায়! কিন্তু নিয়ম বলে কথা। আর সেই নিয়মের ভয় দেখিয়েই ফ্রাঙ্ক রিবেরিকে হুমকি দিয়েছিলেন মিশেল প্লাতিনি, যদি ফ্রান্সের কোচ ডাকার পরও অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে না আসেন, তবে বায়ার্ন মিউনিখের হয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হতে হবে৷ উয়েফা সভাপতির দাবি, অবসরের সিদ্ধান্ত খেলোয়াড়ের একার নয়। ফিফার নিয়মানুযায়ী কোচের সম্মতিতে অবসর নিতে হয়।
তবে প্লাতিনির এমন হুমকিতে বেশ খেপেছে রিবেরির ক্লাব বায়ার্ন। ইউরোপের সাবেক বর্ষসেরা খেলোয়াড়ের হয়ে প্লাতিনিকে জবাবটা দিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে, ‘সবকিছু মীমাংসা হয়েই আছে। ফিলিপ লাম যেমন জোয়াকিম লোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তেমনি রিবেরিও অবসরের আগে দেশমের সঙ্গে আলোচনা করেছে। ওকে আর জাতীয় দলে ডাকা হবে না। সবকিছু ফিফার নিয়মানুযায়ীই হয়েছে।’
কোচের সম্মতিতে অবসর নিতে হবে—ফিফার এমন নিয়মের কড়া সমালোচনা করেছেন বরুসিয়া ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্কও। জার্মান দৈনিক বিল্ড-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই জার্মান মিডফিল্ডার বলেছেন, ‘এ সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া উচিত। ওরা তো দেশের ফেডারেশনের ক্রীতদাস নয়।’
সাধারণত খেলোয়াড়েরা অবসর নেওয়ার পর কোচও সেই সিদ্ধান্তটা মেনেই নেন। তবে জোর করে ফেরানোর দৃষ্টান্তও আছে। ২০০৬ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন চেলসির ফরাসি মিডফিল্ডার ক্লদ ম্যাকালেলে। তবে তখনকার ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ সেই সিদ্ধান্ত না মেনে তাঁকে বাধ্য করেছিলেন আবারও জাতীয় দলের হয়ে খেলতে। এ ঘটনার পর তখনকার চেলসি কোচ মরিনহোও খেপে গিয়ে বলেছিলেন, ‘ম্যাকালেলের সঙ্গে ডমেনেখ ক্রীতদাসের মতো আচরণ করেছেন।’ গোলডটকম।