রিভার প্লেট-তিগ্রেস ফাইনাল
’৬৬, ’৭৬, ’৮৬, ’৯৬—নিয়ম মেনেই চলছিল ১০ বছর পরপর কোপা লিবার্তাদোরেসের ফাইনালে ওঠা, জয় সর্বশেষ দুবার। একবিংশ শতাব্দীতে এসে ছেদ পড়ল সেই ধারায়। দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্ব নির্ধারক টুর্নামেন্টটির ফাইনালে আর ওঠা হয়নি আর্জেন্টিনার রিভার প্লেটের। ১৯ বছরের অপেক্ষার অবসান হলো অবশেষে। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারাগুয়ের ক্লাব গোয়ারানির সঙ্গে ১-১ ড্র করে ২০১৫ কোপা লিবার্তাদোরেসের ফাইনালে উঠেছে রিভার প্লেট। প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে
জয়ই ফাইনালের পথে অনেকটা এগিয়ে রেখেছিল তাদের। ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকোর তিগ্রেস। তৃতীয় মেক্সিকান ক্লাব হিসেবে কোপার ফাইনালে ওঠা তিগ্রেস বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারায় ব্রাজিলের ইন্টারন্যাসিওনালকে। প্রথম লেগে ইন্টারন্যাসিওনালের মাঠে অবশ্য তারা হেরে গিয়েছিল ২-১-এ। দুই লেগের ফাইনাল হবে ২৯ জুলাই ও ৫ আগস্ট। এএফপি, রয়টার্স।