রিভার প্লেটকে 'ঈশ্বরের পুরস্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের সেই ইতিহাস বেশি দিন আগের নয়। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টাইন ফুটবলের প্রথম বিভাগ থেকে নেমে যেতে হয়েছিল ২০১১ সালে। পুনরুত্থানের দুর্দান্ত এক গল্প লিখে কী দারুণভাবেই না সেই অন্ধকার অধ্যায় থেকে ফিরে এল রিভার প্লেট! চার বছরের মধ্যেই আর্জেন্টাইন ক্লাবটি জিতে নিল দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বসূচক কোপা লিবার্তাদোরেস।
গত বুধবার বুয়েনস এইরেসে ফাইনালের দ্বিতীয় লেগে মেক্সিকোর তিগ্রেসকে ৩-০ গোলে হারিয়ে এসেছে এই শিরোপা। মেক্সিকোতে প্রথম লেগটি ছিল গোলশূন্য। তৃতীয়বারের মতো মহাদেশীয় সেরা হলো রিভার প্লেট, যাতে অবসান প্রায় ১৯ বছরের অপেক্ষার।
৪৪টি ফাউল ও ৯টি হলুদ কার্ড, যার মধ্যে পাঁচটিই প্রথম ২৫ মিনিটে—বৃষ্টিভেজা ভারী মাঠে খেলাটি কেমন নাটকীয় ছিল, এই পরিসংখ্যানই তা বলে দিচ্ছে। তবে পুরো ম্যাচে আধিপত্য ছিল রিভার প্লেটেরই। ৪৫ মিনিটে আলারিও প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৭৫ থেকে ৭৯—চার মিনিটের মধ্যে কার্লোস সানচেজ ও রামিরো মোরি বাকি দুটি।
পুরো টুর্নামেন্টেই অবশ্য নাটকীয়তা ঘিরে রেখেছিল রিভার প্লেটকে। নকআউট পর্বে খেলাই অনিশ্চিত ছিল দলটির। শেষ ষোলোতে খেলতে তাদের ‘সাহায্য’ করেছে তিগ্রেসই। গ্রুপের শেষ ম্যাচে তিগ্রেস পেরুর ক্লাব হুয়ান অরিচকে হারানোতেই নকআউটে খেলা নিশ্চিত হয় রিভার প্লেটের। কোয়ার্টার ফাইনালে জয়ও চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের সমর্থকদের ‘বোকামি’তেই। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বোকা, নিজেদের মাঠে দ্বিতীয় লেগের প্রথমার্ধ গোলশূন্য। এর মধ্যেই বোকার সমর্থকেরা খেলোয়াড়দের দিকে ‘পেপার স্প্রে’ ছুড়তে শুরু করলে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও শৃঙ্খলাভঙ্গের দায়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় বোকা জুনিয়র্স।
শিরোপা জেতার পর ভাগ্যকেও তাই ধন্যবাদ জানাতে ভুললেন না রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দো, ‘এটা সহজ ছিল না। আমরা অনেকগুলো বাধা পেরিয়েছি। ঈশ্বর আমাদের পুরস্কার দিয়েছেন।’ এএফপি।