রিভেলিনোর চোখে কোপার তারারা

১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। খেলেছেন পরের দুটি বিশ্বকাপেও। ব্রাজিল কিংবদন্তি রিভেলিনো সম্ভবত তাঁর সময়ের সবচেয়ে স্টাইলিস্ট ফরোয়ার্ড। পেলের চোখে ফুটবলের জীবন্ত কিংবদন্তিদের একজন। ডিয়েগো ম্যারাডোনাও বলেছেন, তাঁর বেড়ে ওঠার সময়ের অনুপ্রেরণা ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সেই রিভেলিনো বলেছেন এবারের কোপা আমেরিকার সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে:

লিওনেল মেসি
এই ছেলেটা আমাকে বোকা বানিয়েছে। গার্দিওলার অধীনে যখন খেলত, ইনিয়েস্তা আর জাভিকে পাশে নিয়ে, মেসিকে খুব বেশি নড়তে দেখতাম না। দরকার হতো না, কারণ সবাই তাকে এত বল দিত! দানি আলভেজের কথাই ধরুন, মাঠে যেন ওর কাজই ছিল শুধু মেসিকে বল দেওয়া। মেসি চুপচাপ দাঁড়িয়ে থাকত আর হঠাৎ হঠাৎ অবিশ্বাস্য কিছু করে বসত। কিন্তু এখন মেসিকে দেখে আমি খুবই বিস্মিত। মাঠে অনেক বেশি ছোটাছুটি করে, লম্বা পাস খেলে, নিচে নেমে যায়, সুয়ারেজ-নেইমারকে দিয়ে গোল করায়, নিজে গোল করে। এখন সে-ই সবকিছু করে! বেশ আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল, মেসি না রোনালদো? আমি বলেছিলাম, রোনালদো। কারণ তখন রোনালদোকে আমার বেশি কার্যকর মনে হয়েছিল। কিন্তু মেসি আমার সেই ধারণা ভেঙে দিয়েছে। একই প্রশ্ন এখন কেউ করলে মেসির নাম বলতে আমাকে একটুও ভাবতে হবে না। মেসি এ যুগের ম্যারাডোনা!

নেইমার
আমি আগেও বলেছি, আমাদের উইলিয়ান আছে, কুটিনহো আছে, মার্সেলো, থিয়াগো সিলভা আছে। অস্কার যদিও কোপায় খেলতে পারছে না, কিন্তু সেও ভালো খেলোয়াড়। আরও অনেকেই আছে। কিন্তু নেইমারের মতো আর কে আছে? আমি তো আর কাউকে দেখি না। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, নেইমার না খেলতে পারলে কার ওপর আস্থা রাখা যায়, আমি কারও নাম বলতে পারছি না। ওর সমপর্যায়ের কেউ নেই এই ব্রাজিল দলে। শুধু নেইমার সম্পর্কেই বলা যায়, যদি ও দু-তিনটি সুযোগ পায় ম্যাচের ভাগ্য গড়ে দেবে।

অ্যালেক্সিস সানচেজ
বার্সেলোনায় যখন খেলত তাকে অনেক কম জায়গায় খেলতে হতো। সে বার্সেলোনার কৌশলের কারণেই। মেসি, ইনিয়েস্তা, জাভি অনেক জায়গা নিয়ে খেলত সেখানে, সানচেজ কম জায়গা পেত। কিন্তু আর্সেনালে কোচ তাকে স্বাধীনতা দিয়েছে নিজের মতো খেলার। এখন সে নিজের মতো কখনো বাঁয়ে, কখনো ডানে, কখনো মাঝে খেলছে। খুব ভালো প্লে-মেকার হয়ে উঠেছে। যদিও প্রিমিয়ার লিগের শিরোপা চেলসি জিতেছে, আর্সেনাল কিন্তু এই মৌসুমে ভালো খেলেছে। আর এর কৃতিত্বটা যাবে সানচেজের কাছে।

কার্লোস তেভেজ
আমি বলব সে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। জুভেন্টাসের হয়ে সে অনেক ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। সে মাঠের নেতা নয়, কিন্তু মাঠে সে খুনি। এত ওঠানামা করে আর সব জায়গায় খেলে। জুভেন্টাস যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে সে জন্য কার্লিতোসকে ধন্যবাদ দেওয়া উচিত ওদের। যখন সে করিন্থিয়ানসের হয়ে খেলত, তখন থেকেই আমি তার খেলায় মুগ্ধ। সে নাছোড়বান্দা এবং লড়াকু এক খেলোয়াড়।

এডিনসন কাভানি
কাভানিও মাঠে খুনি। টেকনিক্যালি সে নিখুঁত নয়। কিন্তু বক্সের ভেতরে কখন, কোথায় থাকতে হবে এটা খুব ভালো জানে আর ফিনিশিং খুব ভালো। গোল করার সামর্থ্য খুব ভালো। মাঠের নেতা সেও নয়। আর সেটা হওয়ার দরকারও তার নেই। সে শুধু সময়মতো প্রতিপক্ষের বক্সে থাকতে পারলে আর গোল করতে পারলেই হবে।

হামেস রদ্রিগেজ
কিছুটা শান্ত ধরনের খেলোয়াড় যে মাঠে নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করে। বল পায়ে তার দক্ষতা দারুণ, গোলও করতে পারে। কিন্তু মাঠে সে প্রধান খেলোয়াড় নয়, যার পায়ে সবার বল দেওয়া উচিত। অন্তত এখন পর্যন্ত সেটা হয়ে উঠতে পারেনি। ওর কাছ থেকে আমার প্রত্যাশা আরও অনেক বেশি।