বাস্তবতা বুঝল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনের সভাকক্ষে বড় পর্দায় খেলা দেখছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের তিন কর্মকর্তা। দল তৃতীয় গোলটি হজম করার পর একজন উঠে চলে গেলেন। বাকি দুজন শেষ পর্যন্ত দেখলেন বটে, কিন্তু অনেকটা ঘুমিয়ে ঘুমিয়ে। স্কোরলাইন ৪-০, এমন একতরফা ম্যাচ দেখা যে চোখের জন্য ক্লান্তিকর।
প্রথমার্ধে ২-০। তখনই আসলে শেখ রাসেলের এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ। ৩১ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে রি ঝিন হকের ডাইভিং হেডে প্রথম গোল। বিরতির ঠিক আগে রেজাউল অহেতুক বক্সের সামান্য বাইরে ফাউল করলেন রিমিয়ংসুর এক খেলোয়াড়কে। ফ্রি-কিক থেকে পার্ক সংয়ের বাঁকানো শটে ২-০। এতেই উত্তর কোরিয়ার দলটি অনেকটাই নিশ্চিত হয়ে যায় যে, ফাইনালে তারাই যাচ্ছে।
দ্বিতীয়ার্ধে শেখ রাসেল ব্যতিক্রমী কিছু করতে পারেনি। উল্টো খেয়েছে আরও ২ গোল। ৫১ মিনিটে তৃতীয় গোলটি দারুণ বোঝাপড়ার ফসল হিসেবে তুলে নেয় রিমিয়ংসু। পাঁচ-ছয়টি নিখুঁত পাস খেলে শেখ রাসেলের রক্ষণে ফাঁক বের করে রো হাক সুর লক্ষ্যভেদী শট। ৯ মিনিট পর ওই রেজাউলকেই ছিটকে দিয়ে একবারে মাপা শটে কিম ইয়ং করেন চতুর্থ গোল।
৪ গোলের পরাজয়ে শেখ রাসেলের বিস্মিত হওয়ার কিছু নেই। দুই দেশের ফুটবলের ব্যবধানটা ফুটে উঠেছে গোটা ম্যাচেই। মঙ্গোলিয়ার আর্চিম ক্লাবকে ৫ গোলে উড়িয়ে নিজেদের শক্তির দিকটা প্রথম ম্যাচেই দেখিয়েছিল বিশ্বকাপে খেলা উত্তর কোরিয়ার অন্যতম প্রধান ক্লাব রিমিয়ংসু। অন্যদিকে আর্চিমকে শেখ রাসেল হারিয়েছিল মাত্র ১ গোলে।
ওই জয়ের সুখানুভূতি নিয়েই এএফসি প্রেসিডেন্টস কাপ শেষ করল শেখ রাসেল। টুর্নামেন্টটির এবার শেষ আয়োজন। আর সেটিতে বাংলাদেশের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলা শেখ রাসেলের জন্য বলার মতো অর্জনই। ফাইনালে খেলতে পারলে অর্জনটা আরও বড় হতো। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে ব্যবধান তো আর অস্বীকার করা যায় না!