রিয়াল-অ্যাটলেটিকোর নিষেধাজ্ঞা স্থগিত
নিষেধাজ্ঞার শাস্তিটা এখনো আছে। দলবদলে সামনের দুই দফায় কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেটি আগামী জুন থেকেই শুরু না-ও হতে পারে। ক্লাব দুটির আবেদনের পর ফিফার আপিল কমিটি গত পরশু মাদ্রিদের দুই দলের খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে।
অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় নিবন্ধনের নিয়ম ভঙ্গ করায় ১৪ জানুয়ারি মাদ্রিদের ক্লাব দুটির ওপর দলবদলের নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। একই কারণে ২০১৪ সালে বার্সেলোনাও একই শাস্তি পেয়েছিল। নিষেধাজ্ঞা পাওয়ার পর বার্সা আপিল করে ২০১৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় নিবন্ধন করানোর সুযোগ পেয়েছিল। রিয়াল ও অ্যাটলেটিকোও সম্ভবত সেই সুযোগ পেতে যাচ্ছে। রায়ের কিছু শর্ত আছে, সেসব মেনে চললে সম্ভবত আগামী গ্রীষ্মে খেলোয়াড় নিবন্ধন করাতে কোনো সমস্যা হবে না তাদের।
শোনা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গিয়া ও বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির দিকেই চোখ রিয়ালের। মার্কা, এএস।