রিয়াল-বার্সার নতুন চ্যালেঞ্জ

বড়দিনের ছুটিতে এই কদিন খেলা মাঠে গড়ায়নি স্পেনে। ১২ দিনের বিরতির পর আবার শুরু হচ্ছে লা লিগা। হয়ে গেছেই বলা উচিত, কালই মাঠে নেমে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদসহ আরও বেশ কয়েকটি ক্লাব। তবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মাঠে নামছে আজ থেকে। আজ রিয়ালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, আর আগামীকাল বার্সেলোনা যাচ্ছে রিয়াল সোসিয়েদাদের মাঠে।
রিয়াল-বার্সা দুই দলকেই আজ কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। টানা ২২ ম্যাচ জিতে রিয়াল এখন উড়ছে, আজ ভ্যালেন্সিয়ার তো তাদের সামনে দাঁড়াতে পারার কথা নয়। তবে ম্যাচটা হবে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়, আর এ মুহূর্তে লা লিগায় ক্লাবটি আছে চারে। কদিন আগে আড়াই কোটি ইউরো দিয়ে বেনফিকা থেকে নিয়ে এসেছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো পেরেজকে। চোটের জন্য নামতে পারছেন না লুকা মডরিচ, শঙ্কা আছে সার্জিও রামোসকে নিয়েও।
বার্সেলোনাও সোসিয়েদাদের সঙ্গে ম্যাচের আগে স্বস্তিতে থাকতে পারছে কই? কদিন আগেই নিশ্চিত হয়েছে, আরও দুই মৌসুমের জন্য খেলোয়াড় কেনাবেচা করতে পারছে না বার্সা। তার ওপর সোসিয়েদাদের মাঠটাও বড় দলগুলোর জন্য বধ্যভূমি। এই মাঠেই এই মৌসুমে হেরে গেছে রিয়াল ও অ্যাটলেটিকো। সোসিয়েদাদ কোচ ডেভিড ময়েস সেটা মনে করিয়ে দিয়েই উদ্দীপ্ত করতে চাইছেন দলকে। তবে বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলছেন, দলবদলে এই নিষেধাজ্ঞা মাঠে কোনো প্রভাব ফেলবে না। ইনিয়েস্তার দাবি সত্যি কিনা সেটা কালই বোঝা যাবে। এএফপি।