রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোলের পর রিয়াল খেলোয়াড়দের উল্লাস ছবি: রয়টার্স।
জয়সূচক গোলের পর রিয়াল খেলোয়াড়দের উল্লাস ছবি: রয়টার্স।

জয়টা ঘাম ঝরানো ছিল, কিন্তু তাতে কী! জয়টা তো এসেছে! গত আট ম্যাচে এই প্রথমবারের মতো অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানোর আনন্দটাও তো কম নয়। এই জয়েই তো নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের আরও একটি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। এই জয়েই ‘ব্ল্যাঙ্কোস’রা আরও এক ধাপ এগিয়ে গেছে ইউরোপ-সেরার লড়াইয়ের একাদশতম শিরোপার দিকে। 
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের অ্যাটলেটিকো বৈতরণি পার করেছেন হাভিয়ের হার্নান্দেজ। তাঁর শেষ সময়ের গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
বার্নাব্যুর এই ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত জোর লড়াই হয়েছে দুই মাদ্রিদের মধ্যে। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে রদ্রিগেজ-রোনালদো-হার্নান্দেজ সমন্বয়ে জয়সূচক গোলটি পায় রিয়াল। রদ্রিগেজের কাছ থেকে বল নিয়ে হার্নান্দেজের দিকে রোনালদো বল ঠেলে দিলে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর আগে অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
বার্নাব্যুর মাদ্রিদ-ডার্বিতে কাল খেলেননি করিম বেনজেমা ও গ্যারেথ বেল। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই সঠিক ছন্দে ছিল না রিয়াল মাদ্রিদ। আক্রমণের ধার কম থাকলেও বলে দখলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে তারা। প্রথমার্ধে দুই-একটি সুযোগ তৈরি করলেও রোনালদো কিংবা হার্নান্দেজদের ব্যর্থতায় গোল করে এগিয়ে যেতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে রাফায়েল ভারানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে রোনালদোর ক্রস থেকে সার্জিও রামোস হেড করে আবারও লক্ষ্যভেদে ব্যর্থ হন।
ম্যাচের ৭৬ মিনিট ছিল ‘টার্নিং পয়েন্ট’। এ সময় দশজনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। রামোসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আরদা তুরান। এ সময় অ্যাটলেটিকোর রক্ষণব্যুহ ভেদে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ৮০ মিনিটের পর দুটি গোলের সুযোগ নষ্ট করে ইসকো ও রদ্রিগেজ। ৮৭ মিনিটে ম্যাচের ফল নির্ধারণী গোলটি পেয়ে যায় রিয়াল। বাকি সময়টায় দশজনের অ্যাটলেটিকোর বিপক্ষে লিডটা ধরে রাখতে একদমই বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। সূত্র: রয়টার্স।