রিয়াল মাদ্রিদের প্রথম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে যে রিয়াল মাদ্রিদের খুব একটা দুশ্চিন্তা নেই সেটি কি অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদোর হাসিতেই বোঝা যাচ্ছে না! l এএফপি
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে যে রিয়াল মাদ্রিদের খুব একটা দুশ্চিন্তা নেই সেটি কি অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদোর হাসিতেই বোঝা যাচ্ছে না! l এএফপি

পোপ ফ্রান্সিসের আশীর্বাদ, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে হাজারো সমর্থকের মরক্কোতে উড়ে আসা—এসবও খুব বেশি আশা দেখাতে পারছে না সান লরেঞ্জোকে। দেখানোর কথাও নয়। প্রতিপক্ষ দলটির নাম যে রিয়াল মাদ্রিদ! শক্তির ব্যবধান এমনিতেই আকাশ-পাতাল। তার ওপর তাদের সামনে প্রথম বারের মতো ক্লাব বিশ্বকাপ জেতার হাতছানি। আর দলটির যে অবিশ্বাস্য ফর্ম তাতে ওদের সামনে দাঁড়াতে এখন ইউরোপের অন্য যেকোনো পরাশক্তিও দুশ্চিন্তায় থাকবে। সেই রিয়ালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের স্বপ্ন দেখাটা আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর জন্য বাড়াবাড়ি বৈকি!
কিন্তু একেবারে হাল ছেড়ে দিলে সেটা আবার মাঠে নামার আগেই হার স্বীকার হয়ে যায়। সান লরেঞ্জো সেটা করবে কেন! ম্যাচের ফল যা-ই হোক, মাঠে নামার আগে রিয়ালের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইতেই যেন নেমেছে লরেঞ্জো। ফাইনালের রেফারি নিয়ে অসন্তুষ্ট তারা। ফিফা প্রথমে ফাইনালের দায়িত্ব দিয়েছিল পর্তুগিজ রেফারি পেদ্রো পোয়েনকাকে। কিন্তু এটা নিয়ে আপত্তি তুলেছে লরেঞ্জো। ক্লাবের সভাপতি মাতিয়াস লামেন্সের দাবি, ইউরোপের একটা ক্লাব যেহেতু ফাইনালে খেলছে, এখানে ইউরোপিয়ান রেফারি থাকা উচিত নয়। রেফারি হবেন নিরপেক্ষ কোনো মহাদেশের। লরেঞ্জোর এই আপত্তির মুখে রেফারি বদলানোর চিন্তাও করছে ফিফা। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য গতকাল পর্যন্ত জানা যায়নি। কিন্তু পুরো ঘটনায় একটা ব্যাপার পরিষ্কার, বড় দল বলে রিয়ালকে আগে থেকেই কোনো ছাড় দিতে রাজি নয় সান লরেঞ্জো। দলের মিডফিল্ডার লিনড্রো রোমাগনোলি তো বলেও দিলেন, ‘ওদের কোনো ছাড় দিলে আমাদেরই ক্ষতি। প্রতিটি বল পাওয়ার পর এমনভাবে খেলতে চাই যেন সেটাই আমাদের শেষ সুযোগ। ওদের বেশি সম্মান দিলে কাজটা অসম্ভব হয়ে যাবে।’
কাজটা প্রায় অসম্ভব আসলে এমনিতেও। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২১ জয়ের স্প্যানিশ রেকর্ড নিয়ে আজ মারাকেশ স্টেডিয়ামের ফাইনালে নামবে রিয়াল। আর মাত্র চারটি ম্যাচ জিতলে টানা জয়ের বিশ্ব রেকর্ডটাও হবে রিয়ালের। এই ২১ ম্যাচে কার্লো আনচেলত্তির দল প্রতিপক্ষের জালে দিয়েছে ৭৯ গোল, ম্যাচপ্রতি গোলসংখ্যা ৩.৮। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। অন্যদিকে অকল্যান্ড সিটিকে সেমিফাইনালে ২-১ গোলে হারাতে সান লরেঞ্জোকে খেলতে হয়েছে ১২০ মিনিট। ফাইনালের আগে রিয়ালের চেয়ে বিশ্রামও একটা দিন কম পেয়েছে আর্জেন্টাইন ক্লাবটি। দুই দলের ব্যবধান আসলে কতটুকু সেটা বোঝাতে ছোট্ট একটা পরিসংখ্যানই যথেষ্ট—এ মৌসুমে শুধু লা লিগাতেই এখন পর্যন্ত ২৫ গোল করেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপে সান লরেঞ্জো দলেরই গোল ২৬টি! রিয়ালের রিজার্ভ বেঞ্চেও তারকার ছড়াছড়ি, অন্যদিকে সান লরেঞ্জো দলে ২০১৪ বিশ্বকাপে খেলা আছেন মাত্র একজন—কলম্বিয়ান ডিফেন্ডার মারিও ইয়েপেস। তবে সবকিছু জেনেও বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন সান লরেঞ্জো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মার্সেলো তিনেলির, ‘রিয়াল বিশ্বের সেরা দল। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ইরানের ম্যাচটা মনে করে দেখুন। মেসি ওই রকম একটা গোল না করলে আর্জেন্টিনাও সেদিন জিততে পারত না। এটাই ফুটবলের সৌন্দর্য।’
ক্লাবের হয়ে আজ সব ধরনের প্রতিযোগিতায় ৭০০তম ম্যাচ খেলতে নামবেন ক্যাসিয়াস। ১৪ বছর আগেও রিয়ালের হয়ে খেলেছিলেন ক্লাব বিশ্বকাপে। ফিরতে হয়েছিল খালি হাতে। মাইলফলক ছোঁয়া ম্যাচটায় আজ নিশ্চয়ই আর খালি হাতে ফিরতে চান না ক্যাসিয়াস! এএফপি, গোলডটকম।

টুকিটাকি
চতুর্থ খেলোয়াড় হিসেবে দুটি আলাদা দলের হয়ে ক্লাব বিশ্বকাপ জিততে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে কীর্তি আছে তিন ব্রাজিলিয়ানের—দিদা (করিন্থিয়ানস ২০০০, মিলান ২০০৭), ফ্যাবিও সান্তোস (সাও পাওলো ২০০৫, করিন্থিয়ানস ২০১২) ও দানিলো (সাও পাওলো ২০০৫, করিন্থিয়ানস ২০১২)। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ২০০৮ সালে।
ফাইনালে গোল করলে ফিলিপ্পো ইনজাগি ও লিওনেল মেসির পর দুটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করা তৃতীয় খেলোয়াড় হবেন রোনালদো।
গত ১২ মাসে তৃতীয় বৈশ্বিক শিরোপার সামনে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। গত বছর ডিসেম্বরে বায়ার্নের হয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের পর এ বছর জুলাইয়ে জার্মানির হয়ে জিতেছেন বিশ্বকাপও।
ক্লাব বিশ্বকাপ জিতলে এক বছরে চারটি ট্রফিজয়ী প্রথম রিয়াল মাদ্রিদ কোচ হবেন কার্লো আনচেলত্তি। ২০১৪ সালে তাঁর অধীনে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও কোপা ডেল রে জিতেছে রিয়াল।
সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে দ্রুততম সময়ে ৭০ জয় পাওয়া কোচও হতে পারেন আনচেলত্তি। এ মুহূর্তে রিয়ালের হয়ে তাঁর রেকর্ড ৮৭ ম্যাচ, ৬৯ জয়।