
দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ড্রয়ের আগে চারদিকে কী বলাবলি হচ্ছিল মনে আছে?
বায়ার্ন-বার্সা-রিয়াল সব দলই যেন জুভেন্টাসকে পেলে বর্তে যায়! যে দল গত ১২ বছরে ফাইনালেই উঠতে পারেনি, প্রতিপক্ষ হিসেবে তাদের পেতে চাওয়ায় খুব একটা অস্বাভাবিকতা নেই। তবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা যেন ঠিক করে রেখেছিল, ‘অপমানের’ জবাবটা সেমিফাইনালেই দেবে। সেটি তারা নিজের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে কিছুটা হলেও দিয়েছে পরশু। রিয়ালের মাঠে দ্বিতীয় লেগ বাকি এখনো। তবে এক যুগ পর জুভেন্টাসের ফাইনাল-স্বপ্নে রং লাগতেই পারে।
ইতালিয়ান ফুটবলের তমসাচ্ছন্ন সময়ে নিবু নিবু প্রদীপ জ্বালিয়ে রেখেছে জুভেন্টাসই। তার পরও ধারে-ভারে রিয়ালের চেয়ে অনেকই পিছিয়ে। পরশুর জয় যে কতটা প্রার্থিত ছিল তা বেরিয়ে আসছে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির কথায়, ‘ম্যাচ শুরুর আগে এই ফলের (২-১) কথা কেউ আমাকে বললে লুফে নিতাম।’
তবে আলেগ্রি জানেন, এই জয়ে আত্মপ্রসাদে ডুবে থাকার উপায় নেই, ‘ফাইনালে যেতে আমাদের আরও ভালো খেলতে হবে।’ স্ট্রাইকার আলভারো মোরাতা আঁকছেন সেই ফাইনালেরই ছবি, ‘বার্নাব্যুতে আমাদের নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে। সবকিছুর ওপরে বিশ্বাস করতে হবে আমরা এখনো কিছুই করিনি।’
জুভেন্টাসের কাজ অসমাপ্ত হলেও মোরাতা পরশু নিজের কাজটা ঠিকই করেছেন। কার্লোস তেভেজের শট ৯ মিনিটে ইকার ক্যাসিয়াস ঠেকিয়ে দিয়েছিলেন, ফিরতি বল জালে জড়িয়ে মাতিয়ে তোলেন স্টেডিয়াম। দ্বিতীয় গোল পুরোপুরিই মাঠ দাপিয়ে বেড়ানো তেভেজময়। ৫৮ মিনিটে অপ্রতিরোধ্য তিনি, বল নিয়ে বিপজ্জনকভাবে বক্সে ঢোকার পর ফেলে দিয়েছিলেন ভারানে। পেনাল্টিতে তেভেজের গোল ফাইনালের স্বপ্ন জাগিয়ে রাখল জুভেন্টাসের।
রিয়াল সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। আসলে জুভেন্টাসই খেলতে দেয়নি। তবে প্রথমবার পিছিয়ে পড়ে ঠিকই ম্যাচে ফিরেছিল রিয়াল। দ্বিতীয়বার আর পারল না। এগিয়ে গিয়ে জুভেন্টাস রক্ষণকাজটা আরও জোরালো করেছে। সেই রক্ষণ ভেঙে ম্যাচ ২-২ করার সাধ্য ছিল না রিয়ালের।
ম্যাচে রিয়ালের জন্য আনন্দক্ষণ এসেছে ওই একবারই। হামেস রদ্রিগেজের ক্রস থেকে ২৭ মিনিটে সহজ হেডে ১-১ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের ইঁদুর-বেড়াল খেলায় আরেকটু এগিয়ে গেলেন রিয়াল ফরোয়ার্ড। রোনালদোর গোল এখন ৭৬, মেসির চেয়ে একটি বেশি (পরশু পর্যন্ত)।
ম্যাচের স্কোরলাইনে অবশ্য সংখ্যা বসতে পারত আরও। আফসোস করতে পারে দুই দলই। ৪১ মিনিটে রদ্রিগেজের হেড খুব কাছ থেকে লাগল কিনা পোস্টে। টনি ক্রুসের দুর্দান্ত শট ফিরিয়ে দিয়ে জিয়ানলুইজি বুফন জানান দিলেন, বয়স বাড়লেও এখনো নির্ভরতা দিতে পারেন দলকে। আরতুরো ভিদাল প্রথম মিনিটেই এগিয়ে দিতে পারতেন জুভেন্টাসকে, কিন্তু সুযোগটা নষ্ট করেছেন। শেষ দিকে বদলি ফার্নান্দো লরেন্তেও দুবার সুযোগ পেলেও গোল আসেনি।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে ম্যাচ শেষে কেউ হয়তো একটা পরিসংখ্যান মনে করিয়ে দিয়েছেন, এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুবার ২-১ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। ১৯৭৩ সালে আয়াক্স ও ২০১২ সালে বায়ার্নের সঙ্গে দুবারই ব্যর্থ ফাইনালে উঠতে। তবে আনচেলত্তি বলছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, কারণ দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলব। প্রথম ম্যাচের ফল নেতিবাচক, কিন্তু খুব খারাপ নয়।’
কোচের কথা ঠিক প্রমাণ করার দায়িত্ব এখন রোনালদোদের। এএফপি।