রিয়ালকে বিদায় করে দিলেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোরেসের জোড়া গোলে কপাল পুড়ল রিয়ালের। ছবি: রয়টার্স
তোরেসের জোড়া গোলে কপাল পুড়ল রিয়ালের। ছবি: রয়টার্স

কৈশোর কেটেছে অ্যাটলেটিকো মাদ্রিদেই। ফার্নান্দো তোরেস তারকাখ্যাতিও পেয়েছিলেন অ্যাটলেটিকোর জার্সি গায়েই। প্রায় এক যুগের সম্পর্ক ছিন্ন করে ২০০৭ সালে তোরেস অ্যাটলেটিকো ছেড়ে পাড়ি জমালেন লিভারপুলে। সেখান থেকে চেলসি, পরে মিলান। অ্যাটলেটিকো সমর্থকেরা হয়তো তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলেছেন, ‘তুমি ফিরবে কোনো একদিন!’
 
ফিরেছে, গত মাসে ধারে তোরেস ফিরেছেন পুরোনো ঘরে। ফিরেই যা করলেন, অবিশ্বাস্য! গত রাতে বার্নাব্যুতে তোরেসের জোড়া গোলেই কোপা ডেল রেতে কপাল পুড়েছে রিয়াল মাদ্রিদের। ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। তবে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

রিয়ালের কাছে অ্যাটলেটিকো এ মৌসুমে যেন ‘বার্মুডা ট্রায়াঙ্গলে’ পরিণত হয়েছে। অ্যাটলেটিকো গেঁরো কিছুতেই খুলতে পারছে না আনচেলত্তির দল। মৌসুমের শুরুতেই স্প্যানিশ সুপার কাপে ডিয়েগো সিমিওনের দলের বিপক্ষে হেরেছে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে, লিগের প্রথম লেগে ২-১ গোলে আর কোপা ডেল রের দুই লেগে ৪-২ ব্যবধানে।
এর আগে বার্নাব্যুতে মোট ছয় ম্যাচ খেলেছেন তোরেস। অ্যাটলেটিকোর জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০০৬ সালের ১ অক্টোবর। ক্যারিয়ারে কখনোই বার্নাব্যুতে গোল পাননি তোরেস। রিয়ালের ঘরের মাঠে গোলখরা কাটাতে তোরেস এদিন নিলেন মাত্র ৪৯ সেকেন্ড। অনেক দর্শক তখনো আসনে বসেও পারেননি, আর অমনি তোরেস-চমক! তোরেসের গোলের পেছনে সবচেয়ে বড় অবদান আঁতোয়ান গ্রিজমানের। পুরো বলটাই বানিয়ে দিয়েছেন অ্যাটলেটিকোর এ ফরাসি ফরোয়ার্ড। গ্রিজমানের বাড়িয়ে দেওয়া বলে দারুণ ফিনিশিংয়ে দলকে শুরুতে এগিয়ে নেন তোরেস। ২০ মিনিটে টনি ক্রুসের কর্নারে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান সার্জিও রামোস।

বিরতির পর আবারও সেই একই দৃশ্য। দ্বিতীয়ার্ধে এক মিনিটও হয়নি। গ্রিজমানের বাড়িয়ে দেওয়া বলে তোরেসের আবারও দুর্দান্ত ফিনিশিং। ৫৪ মিনিটে গ্যারেথ বেলের ক্রসে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ এক হেডে ম্যাচে ফিরলেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় এড়াতে পারেনি রিয়াল। ব্যালন ডি’অর জেতার পর রোনালদো গোল পেলেন ঠিকই, তবে দলীয় ব্যর্থতায় তা ম্লান হয়ে গেল অনেকটাই। রিয়াল ফরোয়ার্ড তাই ম্যাচের পর বললেন, ‘প্রতিটি ম্যাচে শতভাগ দেওয়া কঠিন। আমি অন্য কোনো গ্রহ থেকে আসিনি। দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। হয়তো আমরা আরও ভালো করতে পারতাম।’


ম্যাচের নায়ক তোরেস উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, ‘খুব খুশি। প্রথম লেগের ফলের কারণে এ ম্যাচ খেলেছি অনেকটা নির্ভার হয়ে। দ্রুতই প্রথম গোল হয়ে যাওয়ায় আমরা নিজেদের মতো করে খেলতে পেরেছি। ম্যাচটা কখনোই মারাত্মক কিছু মনে হয়নি। আমাদের খুব একটা বেগ পেতে হয়নি।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও গোলডটকম।