রিয়ালকে বিদায় করে ফাইনালে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনালে জুভেন্টাস-রিয়াল মাদ্রিদের খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো
চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনালে জুভেন্টাস-রিয়াল মাদ্রিদের খেলায় ক্রিস্টিয়ানো রোনালদো

এই তো গত মৌসুমেই রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। রিয়ালের হয়েই তাঁর ক্যারিয়ার শুরু। এই মৌসুুমে জুভেন্টাসে চলে যাওয়া সেই আলভারো মোরাতা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসে দেখা দিলেন ‘বিভীষণ’ হয়ে। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে সেমিফাইনাল থেকে ছিটকে দিলেন এই ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডই। ১৯ বছর আগে সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা জেতা জুভেন্টাস উঠল ফাইনালে। বার্লিনের ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
মোরাতা সেমি ফাইনালের প্রথম লেগেও গোল করেছিলেন। ম্যাচের মাত্র ৮ মিনিটে। কিন্তু সেদিন কোনো উদযাপন করেননি। আজও হয়তো ঠিক করে রেখেছিলেন, গোল পেলে উদযাপন করবেন না। কিন্তু ৫৮ মিনিটে রিয়ালের ডি বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করার পর আপনা থেকেই আবেগ বেরিয়ে এল। এমন গোলের পর পুরনো আনুগত্য ভুলে মোরাতা উদযাপন করতেই পারেন। এই গোলটাই যে প্রায় ছিটকে পড়া জুভেন্টাসকে ম্যাচে ফিরিয়ে আনল। শুধু তা-ই নয়, শেষ পর্যন্ত এই গোলটাই জুভদের তুলে দিল ফাইনালে।
ফিরতি লেগটা ১-১ ড্র হলো। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।
অথচ সব কিছু রিয়ালের পক্ষেই এগোচ্ছিল। ২২ মিনিটে কিয়েলিনি বক্সের ভেতরে হামেস রদ্রিগেজকে ফেলে দিয়েছিলেন। মাত্রই কদিন আগে পেনাল্টি মিস করে রিয়ালকে স্প্যানিশ লিগের দৌড় থেকে এক রকম ছিটকে ফেলেছেন রোনালদো। কিন্তু এবার আর ভুল করলেন না। ডানে ঝাঁপিয়ে পড়েছিলেন বুফোন, রোনালদো কিক নিলেন সোজা। এগিয়ে গেল রিয়াল।
এই গোলে বেশ কিছু অর্জন লেখা হলো রোনালদোর নামের পাশে। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ডি স্টেফানোকে ছুঁয়ে ফেললেন। সামনে কেবলই রাউল। এই আসরের সর্বোচ্চ গোলদাতা মেসিকেও ধরে ফেললেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করার রেকর্ডটা নিয়ে গেলেন দশে।
এই একটা গোলই যথেষ্ট ছিল টানা দ্বিতীয়বার রিয়ালের ফাইনালে ওঠার জন্য। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও জুভেন্টাসের মাঠে একটা গোল করে আসায় অ্যাওয়ে গোলে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু কে জানত, রিয়ালের যুবদল, ‘বি’ দল ঘুরে ২০১০ সালে রিয়ালের হয়েই পেশাদার ফুটবলে অভিষিক্ত হওয়া মোরাতা আসল নাটক জমিয়ে রেখেছেন। তাঁকে ২ কোটি ইউরোতে জুভদের কাছে বেচে দেওয়ায় নিশ্চয়ই খুব আক্ষেপ হচ্ছে কার্লো আনচেলত্তির।
একই সঙ্গে দুটো প্রতিশোধ নিল জুভেন্টাস। ১৯৯৮ সালের ফাইনালে রিয়ালের কাছে হেরেই তৃতীয় শিরোপাটা জেতা হয়নি। তা ছাড়া এর আগে সর্বশেষ যেবার সেমিফাইনালে খেলেছিল তারা, ১২ বছর আগের সেই সেমিফাইনালে প্রতিপক্ষ দলের কোচ ছিলেন এই আনচেলত্তিই। চ্যাম্পিয়নস লিগ নামকরণ হওয়ার পর কোনো দলই ইউরোপ-সেরার ট্রফিটা টানা দুবার জেতেনি। সেই রেকর্ডও অক্ষুণ্ন থাকল।
মজার ব্যাপার হচ্ছে ১৯৮৯ ও ১৯৯০ সালে সর্বশেষ এসি মিলান যেবার টানা দুবার ইউরোপিয়ান কাপ জেতে, সেই দলে খেলেছিলেন এই আনচেলত্তিই। গত মৌসুমে এক যুগ পর রিয়ালকে ‘লা ডেসিমা’ জিতিয়েছিলেন। এবার সম্ভবত একেবারেই খালি হাতে শেষ করতে হচ্ছে মৌসুমটা।
ইতালিয়ান এই কোচ হারলেন ইতালির একটা দলের কাছেই। স্পেনের দলটাকে বিদায় করে দিল স্পেনেই জন্ম নেওয়া এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নেওয়ার সময় মোরাতা দুই হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন। কিন্তু রিয়াল সমর্থকরা তাঁকে ক্ষমা করতে কতদিন সময় নেয় সেটাই এখন দেখার।
এটাই ফুটবল, যেখানে এসে হার মানে ড্রামা, সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন কিংবা ট্রাজেডিতে ভরপুর সব চিত্রনাট্যও। বার্লিনের ফাইনালে কোন নাটক জমা হয়ে আছে কে জানে!