রিয়ালকে হটাল বার্সা, রোনালদোকে মেসি

সুযোগটা রিয়াল মাদ্রিদই করে দিয়েছিল গত রাতে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ পয়েন্ট টেবিলে ‘ঘোর শত্রু’ বার্সেলোনাকে ওপরে ওঠার সুযোগ। ঘরের মাঠে সে সুযোগ দারুণভাবে কাজে লাগাল বার্সা। লিওনেল মেসির হ্যাটট্রিক আর লুইস সুয়ারেজের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালকে হটিয়ে আবারও লিগ টেবিলে শীর্ষে উঠল লুইস এনরিকের দল।
গত অক্টোবরের ‘এল ক্লাসিকো’তে হেরে শীর্ষ জায়গাটা হারিয়েছিল বার্সা। এরপর ১৬ ম্যাচ আর পাঁচ মাস ব্যবধানে রিয়ালকে সরিয়ে আবারও লা লিগায় ১ নম্বরে বার্সা। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৬২, সমানসংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬১।
কেবল দলীয় অর্জনে নয়, ব্যক্তিগত অর্জনেও ম্যাচটা স্মরণীয় ছিল বার্সা-সমর্থকদের। স্প্যানিশ লিগে আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ২৩ হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। আজ রোনালদোকেও গেলেন ছাড়িয়ে। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার নামের পাশে এখন জ্বলজ্বল করছে সর্বোচ্চ হ্যাটট্রিকের (২৪) রেকর্ডও। পুরো ক্যারিয়ারে তাঁর হ্যাটট্রিকসংখ্যা ৩২। লিগে গোলসংখ্যায় রোনালদোকে ধরে ফেললেন মেসি। ২৬ ম্যাচে আর্জেন্টাইন বার্সা ফরোয়ার্ডের গোল ৩০টি। রোনালদোরও তা-ই। লিগে হয়তো এখনো সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে হটিয়ে দিতে পারেননি, সে জায়গাটি দুজনই ভাগাভাগি করছেন। তবে আরেকটি জায়গায় রোনালদোকে ঠিকই হটিয়ে দিয়েছেন মেসি। এ ম্যাচের আগে মৌসুমে সব প্রতিযোগিতায় মেসির গোল ছিল ৩৮টি, একটি গোল বেশি নিয়ে এগিয়ে ছিলেন রোনালদো। গত ম্যাচে রোনালদো সেই ৩৯-এ আটকে রইলেন। কিন্তু মেসি পৌঁছে গেলেন ৪১-এ। এ নিয়ে টানা ষষ্ঠ মৌসুমে ৪০-এর অধিক গোল পেলে আর্জেন্টিনা-জাদুকর। এভাবেই বার্সা যেমন শীর্ষস্থান থেকে হটিয়ে দিয়েছে রিয়ালকে, ব্যক্তিগত দ্বৈরথেও রোনালদোকে হটালেন মেসি।
আজ শুরুতেই ভায়েকানোর রক্ষণ ভেঙে ফেললেন সুয়ারেজ। ৫ মিনিটে প্রতিপক্ষের থ্রো-ইন থেকে বল কেড়ে জাভি বাড়িয়ে দিলেন সুয়ারেজকে। অসাধারণ ফিনিশিং উরুগুয়ে স্ট্রাইকারের। প্রথমার্ধে স্কোরলাইন ওই ১-০-ই। ম্যান সিটির বিপক্ষে ফিরতি লেগ আর ‘এল ক্লাসিকো’, পর পর দুই অগ্নিপরীক্ষার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বার্সা নিজেদের ঝালিয়ে নিল আসলে দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন জেরার্ড পিকে। ৫৬ মিনিটে ছোট্ট একটা নাটক। বক্সে সুয়ারেজকে ফাউল করায় পেনাল্টি পেল বার্সা। দুই হলুদ কার্ডের যোগ হিসাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন টিটো। ভায়েকানো পরিণত হলো ১০ জনের দলে। পেনাল্টি মিসের পুরোনো ভূতটা চেপে বসল মেসির ঘাড়ে। ভায়েকানোর ভুলে দ্বিতীয়বারের মতো পেনাল্টি নেওয়ার সুযোগ পেলেন তিনি। এবার আর ভুল হয়নি। ৫৬ মিনিটের সেই পেনাল্টির পর ৬৩ ও ৬৮ মিনিটে দুই গোলে লিগে দুই ডজন হ্যাটট্রিক পূরণ করে ফেললেন মেসি।
৮০ মিনিটে বুয়েনোকে বক্সে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন দানি আলভেজ। বার্সাও পরিণত হলো ১০ জনের দলে। পেনাল্টি থেকে গোল আদায় করলেন বুয়েনো। অবশ্য তাতেও সমস্যা হয়নি বার্সার। ৯০ মিনিটে তুলির শেষ আঁচড়টা দিয়ে দিলেন সুয়ারেজ। নেইমার যে আজ খেলেননি, সে অভাবটা বুঝতেই দেননি মেসি-সুয়ারেজ।