রিয়ালকে হারাল অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলোটিকো-রিয়াল ম্যাচের একটি মুহূর্ত ছবি: এএফপি।
অ্যাটলোটিকো-রিয়াল ম্যাচের একটি মুহূর্ত ছবি: এএফপি।

এ যেন অন্য এক রিয়াল মাদ্রিদ। টানা জয়ের সেই দোর্দণ্ড প্রতাপ আর নেই। উল্টো হারের চক্রে আত্মবিশ্বাসটা যেন তলানিতে গিয়ে ঠেকার উপক্রম তাদের। এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচটিকে ধরলে এটি যে তাদের টানা তৃতীয় হার।


অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’র শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচটি ছিল প্রতিশোধের। মৌসুমের শুরুতেই এই অ্যাটলেটিকোর কাছে হারের স্বাদ নিয়েছিল রিয়াল। কিন্তু প্রতিশোধ দূরের কথা ভিসেন্তে কালদেরনে অ্যাটলেটিকোর বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে পরাজয়ের বৃত্তেই অবস্থান করল ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

ফার্নান্দো তোরেসকে দিয়ে কাল একাদশ সাজিয়েছিলেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। তোরেস হতাশ করেননি। তাঁর উপস্থিতি অ্যাটলেটিকোর পারফরম্যান্সও ছিল অনেক বেশি উজ্জীবিত, আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কাল বিশ্রাম দেওয়া হয়েছিল। রোনালদোবিহীন রিয়ালকে দেখে আবারও মনে হয়েছে, এই মহাতারকাকে ছাড়া খেলতে নামলে ‘ব্লাঙ্কোস’দের কতটা সাধারণ মনে হয়।

খেলার শুরুর দিকে অবশ্য চাপ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদই। বোঝা যায়নি যে তারা রোনালদোকে ছাড়া খেলছে। সার্জিও রামোসের একটি হেড ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। ১৩ মিনিটে গ্যারেথ বেল প্রতিপক্ষের জালে বল জড়ালেও তা বাতিল হয়ে যায় অফসাইডের অজুহাতে।

৩৪ মিনিটে এগিয়ে যেতে পারত অ্যাটলেটিকো। রাউল গার্সিয়া বল নিয়ে রিয়ালের বক্সে ঢুকে যে শটটি নেন, তা লক্ষ্য হারায় অল্পের জন্য।

দ্বিতীয়ার্ধে সুযোগ-সন্ধানী ফুটবল খেলে রিয়ালের ওপর চাপ বাড়াতে থাকে অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে পেয়ে যায় প্রথম গোল। গোলটি অবশ্য আসে পেনাল্টি থেকে। ডি বক্সের মধ্যে গার্সিয়াকে ফাউল করেন রামোস। প্রাপ্ত পেনাল্টিটি দারুণভাবে কাজে লাগান গার্সিয়া।

গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর হামেস রদ্রিগেজের বদলে রোনালদোকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। রোনালদোর উপস্থিতিতে রিয়ালের খেলার ধার কিছুটা বাড়লেও গোলের সুযোগ তৈরিতে কাল তারা ছিল নিদারুণ ব্যর্থ।

৭৯ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। হোসে হিমেনেসের অসাধারণ হেডটি ঠেকানোর কোনো উপায় খুঁজে পাননি রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।

টানা হারের পর কিছুটা যেন হতবিহ্বল রিয়াল কোচ আনচেলত্তি। ম্যাচ শেষে তাঁর কথাবার্তাও কেমন যেন একটু এলোমেলো, ‘আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। ভুলে গেলে চলবে না অ্যাটলেটিকো তাদের ঘরের মাঠে খেলেছে। এখানে অনেক ব্যাপারই আমাদের পক্ষে যায়নি। কিছুটা সুবিধা নিয়ে তো তারা খেলেছেই। অ্যাটলেটিকো কী ধরনের অতিরিক্ত সুবিধা নিয়ে কাল মাঠে নেমেছিল, সেটা অবশ্য খোলাসা করেননি রিয়াল ‘বস’।

আনচেলত্তি অবশ্য আশা প্রকাশ করেছেন ঘুরে দাঁড়ানোর, ‘পরের পর্বে ফল নিজেদের পক্ষে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

সিমিওনে বলেছেন, ‘আমরা আজ এমন একটি দলকে হারিয়েছি, যারা দুর্দান্ত, যাদের দায়িত্বে আছেন একজন দুর্দান্ত কোচ।’

মৌসুমে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় জয়টি তুলে নিলেও ইউরোপ-সেরাদের এখনো যথেষ্ট সম্মানই করেন এই আর্জেন্টাইন কোচ, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। এই দলটিকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। যেকোনো কিছুই রিয়াল পরের পর্বে ঘটিয়ে দিতে পারে। লড়াই এখনো অনেক বাকি।’ সূত্র: এএফপি।