রিয়ালের এমন জন্মদিনের উপহার!

৬ মার্চ ১৯০২ থেকে ৬ মার্চ ২০১৫—১১৩ বছরের সুদীর্ঘ ইতিহাস। নিজেদের জন্মদিনটা স্মরণীয় করে রাখার দারুণ এক সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক পরের দিনই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। কিন্তু স্মরণ তো দূরে কথা, উল্টো এ ম্যাচ ভুলতে পারলেই তারা বাঁচে! অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল ১-০ গোলে হারায় লিগ সমীকরণটা আবারও জমে গেল। গত রাতে রিয়ালের কপাল পোড়ে ২৬ মিনিটে বিলবাও স্ট্রাইকার আদুরিজের হেডে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়হীন রিয়াল।
রেকর্ড টানা ২২ ম্যাচ জিতে ২০১৪ শেষ করা রিয়ালের নতুন বছরটা যাচ্ছে যাচ্ছেতাই। এ বছর লিগে তিন ম্যাচে হারিয়েছে ৮ পয়েন্ট।
ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা আক্রমণ রিয়ালের। অথচ লিগে গত দুই ম্যাচে রিয়াল গোল করেছে মাত্র একটি, খেয়েছে দুটি। জয়হীন দুই ম্যাচে ঠিকমতো জ্বলেই উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল। ‘বিবিসি’র নিষ্প্রভতা পরোক্ষভাবে স্বীকারই করলেন কোচ কার্লো আনচেলত্তি, ‘এ মুহূর্তে আমরা যে সমস্যায় ভুগছি, তা পরিষ্কার। এটা রক্ষণের সমস্যা নয়। শুনতে অদ্ভুত হলেও সমস্যাটা আসলে আক্রমণের। দুই ম্যাচে আমরা মাত্র দুই গোল করেছি, তা-ও আবার পেনাল্টি থেকে। এ সমস্যাটাই আমাদের চিহ্নিত করতে হবে। আক্রমণভাগে দক্ষতার অভাব দেখা দিয়েছে আমাদের।’
বিলবাওয়ের বিপক্ষে পরাজয়ের দায় স্বীকার করে নিলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রিয়াল কোচের, ‘আমার দল খুব বাজে খেলেছে। আমি সব দায় স্বীকার করে নিয়েছি। তবে হাল ছাড়ছি না। কারণ, লিগ জটিল এবং এটা এখনই শেষ হওয়ার নয়। ঘুরে দাঁড়াতে আমরা কঠোর পরিশ্রম করব।’ তথ্যসূত্র: এএফপি, গোলডটকম।