রিয়ালের ছন্দপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ২২ ম্যাচে জয়ের পর ২৩তম ম্যাচে এসে হারের স্বাদ পেল রিয়াল।  ছবি: এএফপি।
টানা ২২ ম্যাচে জয়ের পর ২৩তম ম্যাচে এসে হারের স্বাদ পেল রিয়াল। ছবি: এএফপি।

প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২২ জয়ের গর্ব নিয়ে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। কিছু দিন আগে এক প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে হারলেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৩তম ম্যাচে জিতে রেকর্ডটাকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্নই ছিল কার্লো আনচেলত্তির দলের। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হয় হতবাক করে দেওয়া এক পরাজয়ে। গতকাল রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
খেলায় অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ডি বক্সের মধ্যে ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড আলভারো নেগ্রেদোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। সেই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেননি রোনালদো। এই গোলটির মাধ্যমে লা লিগার এবারের আসরে নিজের ২৬তম গোলটি পেলেন এই তারকা। লিওনেল মেসির গোলসংখ্যা ১৫।
খেলার শুরুটা অবশ্য করেছিল ভ্যালেন্সিয়াই। প্রথম ১০ মিনিট একের পর এক আক্রমণে রিয়ালকে ব্যতিব্যস্ত রেখেছিল তারা। কিন্তু ১৪তম মিনিটে খেলার ধারা বিপক্ষেই পেনাল্টি পায় রিয়াল।
এক গোলে এগিয়ে যাওয়ার পর রোনালদো অবশ্য একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। একটু কঠিন কোণ থেকে নেওয়া তাঁর শটটি পা লাগিয়ে ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক।
এরপর টানা তিনটি গোলের সুযোগ নষ্ট করে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ দিকে পরপর দুটি আর বিরতির পর একটি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আন্দ্রে গোমেজের একটি দুর্দান্ত ভলি লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য।
৫২ মিনিটে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। তবে এই গোলটির জন্য নিজেদের সৌভাগ্যকে ধন্যবাদ দিতেই পারে তারা। অ্যান্তোনিও বারগানের শট রিয়ালের গোলরক্ষক ক্যাসিয়াস ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও তা পেপের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
৬৫ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ড্যানিয়েল প্যারেইরোর কর্নার থেকে হেডের মাধ্যমে দারুণ গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচের শেষ দিকে খেলায় ফিরতে মরিয়া ভ্যালেন্সিয়ার ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেও প্রাপ্ত সুযোগগুলোয় ফরোয়ার্ডদের লক্ষ্যভেদের ব্যর্থতা ইউরোপীয় শিরোপাধারীদের হাতে ধরিয়ে দেয় তিন মাসের মধ্যে প্রথম পরাজয়ের গ্লানি।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারলেও লিগ তালিকায় এখনো শীর্ষে আছে রিয়াল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।